প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন মন্তব্য করেছেন যে, একটি কুচক্রী মহল সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, ওই চক্র জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে পার্লামেন্টে এক কথা বললেও, পার্লামেন্টের বাইরে উসকানিমূলক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে যশোর শহরের টাউন হল ময়দানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘যুব সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন আরও উল্লেখ করেন, জ্বালানি তেলের মূল্য কিছুটা বৃদ্ধি পেলেও, এটি সরকারের ইচ্ছাকৃত নয়। এই পরিস্থিতিকে বিরোধীরা এবং ষড়যন্ত্রকারীরা নিজেদের স্বার্থে ব্যবহার করছে। তিনি বলেন, "আপনাদের দায়িত্ব হচ্ছে মানুষকে বোঝানো।"
তিনি বিএনপি নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, জনগণ আস্থা নিয়ে বিএনপিকে ভোট দিয়েছে এবং সরকার গঠনের সুযোগ করে দিয়েছে। প্রধানমন্ত্রী দেশের মানুষের কল্যাণে নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এবং নির্বাচনের আগে তিনি যে ইশতেহার ঘোষণা করেছেন, সেই ইশতেহারকে সফল করার চেষ্টা করছেন।
নয়ন উল্লেখ করেন, যারা বিএনপিকে ভোট দিয়েছে এবং যারা দেয়নি— উভয় শ্রেণির নাগরিকই বর্তমান সরকারের আমলে সমানভাবে নিরাপদ থাকবে। তিনি নেতাকর্মীদের রাজপথে সজাগ থাকার নির্দেশ দেন। তিনি বলেন, "আগামী দিনে আমরা সরকারকে যেমন সহায়তা করব, একইভাবে রাজপথেও সতর্ক থাকব— যাতে এই সরকারের বিরুদ্ধে যারা অন্যায়ভাবে ষড়যন্ত্র করছে, তাদের আমরা রুখে দিতে পারি।"
যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু প্রমুখ যশোর জেলা যুবদলের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশে আরও বক্তব্য রাখেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন