প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে। এই অভিযানটি সরাইল-২৫ বিজিবি ব্যাটালিয়নের মুকুন্দপুর বিওপির একটি টহল দল দ্বারা পরিচালিত হয়।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ২টার দিকে সীমান্ত পিলার ২০০৭/৭-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় অভিযানটি সম্পন্ন হয়। শনিবার দুপুরে সরাইল-২৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য উপস্থাপন করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুকুন্দপুর বিওপির টহল দল কামালমোড়া এলাকায় আগে থেকেই অবস্থান নেয়। এসময় ১৫ থেকে ২০ জনের একটি চোরাকারবারি দল মাথায় কার্টন নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা মাথার কার্টন ফেলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে স্কচটেপ দিয়ে মোড়ানো কার্টনের ভেতর থেকে ৫ হাজার ৭৬০ পিস ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। জব্দ করা এসব ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরাইল-২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্তে চোরাই মোবাইল ডিসপ্লের অনুপ্রবেশ বেড়েছে কারণ চাহিদা রয়েছে। এছাড়া আগামী ডিসেম্বরে একটি রাজনৈতিক দলের ডেটলাইনকে কেন্দ্র করে সীমান্তে অনুপ্রবেশ ঠেকানোর জন্য বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি জানান, বিজিবি কঠোর তৎপর রয়েছে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে।
বিজিবি আরও জানায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে চলতি নভেম্বর মাসে সরাইল-২৫ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৭১ কেজি গাঁজা, ১০১ বোতল ইস্কফ, ৮১ বোতল বিদেশি মদ এবং ৮৮ বোতল বিয়ার জব্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন