প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় চলমান বিরোধ ও সংঘর্ষের আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এ আদেশ বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে জারি করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত।
ফাতেমা জান্নাত জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, খারুয়া ইউনিয়নের খারুয়া বাজার এলাকায় দীর্ঘদিন ধরে মাত্র দুই শতক জমির মালিকানা নিয়ে বিরোধ চলছে খারুয়া গ্রামের আব্দুর রউফ ভূঁইয়া এবং পাশের নরেন্দ্রপুর গ্রামের শওকত আলীর মধ্যে। এই বিরোধকে কেন্দ্র করে গত কয়েক দিনে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।
বুধবার ও বৃহস্পতিবার বিরোধের জেরে ঘটতে থাকে বসতবাড়িতে হামলা, ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে আইন-শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হওয়ায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
জারি করা আদেশে বলা হয়েছে, খারুয়া বাজার ও আশপাশের এলাকায় চলমান উত্তেজনার কারণে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ, অস্ত্রের মহড়া এবং দাঙ্গার ঘটনা ঘটছে। যে কারণে জননিরাপত্তা নিশ্চিত এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এ আদেশের আওতায় খারুয়া বাজার ও সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, মাইক ব্যবহার, লাঠিসোঁটা এবং আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, ‘আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরো বলেন, ‘দুই পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষের আশঙ্কা ছিল। তাই আমরা দুই পক্ষের সঙ্গেই কথা বলেছি। তাদের নিয়ে আমরা বসবো। তাদের সমস্যা জানবো। পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
স্থানীয় সূত্র জানায়, বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে সম্প্রতি উত্তেজনা চরমে পৌঁছায়। বুধবার আব্দুর রউফ ভূঁইয়ার বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ ওঠে। পরদিন দুই গ্রামের লোকজন মুখোমুখি অবস্থান নিলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে।
এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন