প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম, ১৩ নভেম্বর, ২০২৬ : প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে শীতের আগমন ঘটছে। সন্ধ্যা নামার সাথে সাথে চট্টগ্রামের তাপমাত্রা পরিবর্তিত হচ্ছে। এর ফলে শীতবস্ত্রের বাজারে বাড়ছে চাহিদা।
শীতের আগমনের পূর্বে চট্টগ্রামে পুরাতন কাপড়ের আমদানির গুদামগুলো ইতোমধ্যে পূর্ণ হয়ে গেছে। ফলে চট্টগ্রামের খাতুনগঞ্জ, টেরিবাজার, জহুর হকার্স মার্কেট এবং মহল মার্কেটের পাইকারি পুরোনো কাপড়ের মোকামগুলোতে ব্যবসা জমে উঠেছে।
ব্যবসায়ী সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, পাইকারি ও খুচরা মিলিয়ে এবারে চট্টগ্রামে আমদানি করা পুরোনো শীতবস্ত্রের বিকিকিনি হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
পাইকারি মোকামগুলোতে এখন ব্যাপক কর্মচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। এসব মোকাম থেকে দেশের বিভিন্ন স্থানের খুচরা ব্যবসায়ীরা পুরোনো কাপড় নিয়ে শীতের বাজার ধরার জন্য ছুটছেন। একইভাবে খুচরা ও ফুটপাতের দোকানগুলোতেও ক্রেতাদের আগমন বেড়েছে।
চট্টগ্রাম বন্দর দিয়ে দেশে আসা বিপুল চালানের প্রধান বিপণন কেন্দ্রগুলো হলো খাতুনগঞ্জের আমীর মার্কেট, আছাদগঞ্জ ও মাঝিরঘাট, জহুর হকার্স মার্কেট, মহল মার্কেট এবং টেরিবাজার এলাকা।
এসব পাইকারি বিক্রেতার কাছ থেকে ঢাকার সদরঘাট, বাংলাবাজার ও বায়তুল মোকাররমসহ রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও পঞ্চগড়ের মতো উত্তরের শীতপ্রবণ অঞ্চলে প্রতিদিন শত শত বেল কাপড় সরবরাহ করা হচ্ছে। শীত ঘনিয়ে আসার সাথে সাথে চট্টগ্রামের এসব মোকামে পাইকারদের উপস্থিতি এখন পুরোপুরি জমজমাট হয়ে উঠেছে।
পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে জানা গেছে, ঋণপত্রের (এলসি) বিপরীতে চীন, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়া থেকে জাহাজ বোঝাই করে কাপড় বন্দরে পৌঁছাচ্ছে। বন্দরের খালাসের পর এসব কাপড় বিভিন্ন গুদামে রাখা হচ্ছে। তবে আন্তর্জাতিক বাজারে ডলারের বিনিময় হার বাড়ার কারণে এবার আমদানির মূল্যে কিছুটা ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি হয়েছে।
ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক বাজারে পুরোনো কাপড়ের মূল্যবৃদ্ধির পেছনে বৈশ্বিক অর্থনীতির প্রভাব রয়েছে। বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার কারণে সমুদ্রপথে জাহাজ ভাড়া ও কনটেইনারের ফ্রেইট চার্জ বৃদ্ধি পাওয়ায় ওজন ও আয়তনে ভারী এই পণ্য আমদানিতে অতিরিক্ত খরচ হচ্ছে।
অন্যদিকে, উন্নত দেশগুলোতে মূল্যস্ফীতি এবং অনলাইন রিসেল প্ল্যাটফর্মের জনপ্রিয়তার কারণে সেখানকার অভ্যন্তরীণ বাজারে সেকেন্ড-হ্যান্ড বা পুরোনো পোশাকের ব্যবহার বেড়েছে। এর ফলে রপ্তানির জন্য ভালোমানের বা ‘ক্রিম গ্রেড’ কাপড়ের সরবরাহ কমে গিয়ে দাম বেড়েছে। সংযুক্ত আরব আমিরাত, ভারত ও পূর্ব ইউরোপের প্রধান সর্টিং হাবগুলোতে শ্রম, প্যাকিং ও পরিচালন ব্যয় বৃদ্ধি পাওয়ায় প্রক্রিয়াজাতকরণের খরচও বেড়েছে।
ফলে বাজারে চীনের বড় সরবরাহ থাকা সত্ত্বেও এশিয়া ও আফ্রিকার বিপুল আমদানির চাপের কারণে চাহিদাসম্পন্ন ভালো কাপড়ের দাম আন্তর্জাতিক পর্যায়ে বেড়ে গেছে।
জহুর হকার্স মার্কেটের পাইকারি ব্যবসায়ী মো. ইউনুছ জানান, শীত নভেম্বরের শেষের দিকে শুরু হবে। আগামী ফেব্রুয়ারিতে রমজান শুরু হবে। দুই মাসের মধ্যে ব্যবসার পরিমাণ বাড়বে।
দূর-দূরান্তের ক্রেতারা ইতোমধ্যে শীতের কাপড় সংগ্রহ শুরু করেছেন। বিদেশি সেকেন্ড-হ্যান্ড কম্বল প্রতি বেল ১২ হাজার থেকে ২৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। প্রতি বেলে ২৮ থেকে ৩০টি কম্বল থাকে। নতুন কম্বল প্রতি পিস ২০০ টাকা থেকে ৪ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গুণগত মান ও সাইজ অনুযায়ী দামের তারতম্য রয়েছে।
জ্যাকেট প্রতি বেল ১০ হাজার থেকে ৩০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। কম দামি জ্যাকেট প্রতি বেলে ১৫০ থেকে ২০০ পিস থাকে। ৩০ হাজার টাকার দামের বেলে ৮০ থেকে ১০০টি জ্যাকেট থাকে। এর মধ্যে এডিডাস বা পুমার মতো নামিদামি ব্র্যান্ডের ফ্রেশ জ্যাকেটও পাওয়া যায়।
তিনি জানান, প্রতি বেল সোয়েটার ৭ হাজার টাকা থেকে শুরু। সোয়েটারে প্রতি বেলে ২০০টি থাকে। এক বেলে ৮০ থেকে ১০০ কেজি কাপড় থাকে।
আমদানিকারক জসিম উদ্দিন জানান, পুরুষের চীনা সোয়েটার প্রতি বেল ৭ হাজার এবং ফুলহাতা মিক্সড গেঞ্জি সাড়ে ৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে। থাইল্যান্ডের লেডিস সোয়েটার ৮ হাজার এবং ১০০ কেজির লেডিস জিন্স ও গ্যাবার্ডিন প্যান্টের বেল ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জে ব্যবসায়ীরা সারা বছরই ভোগ্যপণ্যের পাইকারি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন। তবে শীতকাল এলেই এখানকার আমীর মার্কেটের ৫০ থেকে ৬০টি দোকানের ব্যবসায়ীরা পুরনো শীতের কাপড় আমদানি করেন।
খাতুনগঞ্জের ব্যবসায়ী মো. মহিউদ্দিন জানান, আমদানি এসব কাপড়ের প্রধান ক্রেতা মূলত দেশের নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষ। সাধারণ মানুষের কাছে এটি সাশ্রয়ী মূল্যে শীত নিবারণের বড় অবলম্বন হলেও বেলগুলোতে আন্তর্জাতিক ব্র্যান্ডের আকর্ষণীয় পোশাক মেলায় শহরের তরুণ ও মধ্যবিত্তরাও এখন এসব কাপড়ের বড় ক্রেতা হয়ে উঠেছেন।
চট্টগ্রামের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের কাছে অতি পরিচিত নাম জহুর হকার্স মার্কেট। গরম কাপড়ের পাইকারি ও খুচরা মার্কেট হিসেবে এটি ঐতিহ্যবাহী।
হকার্স মার্কেটের বিনিময় স্টোরের স্বত্বাধিকারী টিপু সুলতান বলেন, ‘শীত আসার আগে এই দোকানে শার্ট-প্যান্ট ও টি-শার্ট বিক্রি হতো। কিন্তু শীতের সময় আমরা গরম কাপড় বিক্রি শুরু করেছি।’
তিনি জানান, হকার্স মার্কেটে মেয়েদের সোয়েটার ও জ্যাকেটের দাম মানভেদে ২০০ থেকে ৮০০ টাকা, ছেলেদের সোয়েটার ১০০ থেকে ৫০০ টাকা, ছেলেদের জ্যাকেট ৩০০ থেকে ৩০০০ টাকা, বাচ্চাদের সোয়েটার ৫০ থেকে ৬০০ টাকা, মাফলার ৪০ থেকে ২০০ টাকায় এবং গরম টুপি ৫০ থেকে ২৫০ টাকায় পাওয়া যাচ্ছে।
ব্যবসায়ী ইলিয়াস উদ্দিন বলেন, ‘জহুর হকার্সের তিনটি মার্কেটে ৮০০ এর বেশি দোকান আছে। এর মধ্যে বড় দোকানের সংখ্যা ২০০, মাঝারি ৩৫০ এবং এর বাইরের দোকানগুলো ছোট।’
‘তিনি আরও বরেন, ‘এই শীতে প্রতিদিন ছোট দোকানে ১০ থেকে ১২ হাজার, মাঝারিতে ২০ থেকে ২৫ হাজার ও বড় দোকানে ৫০ থেকে ৬০ হাজার টাকার ব্যবসা চলবে। সব মিলিয়ে এই মার্কেটে আগামী তিনমাসে প্রায় ২০০ কোটি টাকার ব্যবসার আশা করছি।’
নগরীর রিয়াজউদ্দিন বাজার তামাকুমন্ডি লেইনের ব্যবসায়ী মোজাম্মেল হক জানান, ‘আমাদের তামাকুমন্ডি লেইনে ১১০টি মার্কেটে প্রায় ১৫ হাজার দোকান রয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ দোকান শীতের কাপড়ের ব্যবসা করছে। বিশাল এই আয়োজনে কত টাকার ব্যবসা হচ্ছে তা বলা মুশকিল, তবে প্রতিদিন ১ কোটি টাকার বেশি বিকিকিনি হয় বলে আমাদের ধারণা।’
তামাকুমন্ডি লেইনের পাইকারি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, ‘১১০টি মার্কেটের প্রায় ৫০ শতাংশ দোকান এই শীতে ব্যবসা করছে। সে হিসেবে, প্রায় সাড়ে ৭ হাজার পাইকারি ও খুচরা দোকান যদি দৈনিক ১০ হাজার টাকার ব্যবসাও করে, তিন মাসে এ পরিমাণ দাঁড়ায় ৪৫০ কোটি টাকা। আমাদের ধারণা দেশে কাপড়ের অন্যতম প্রধান পাইকারি এই বাজারে আগামী তিনমাসে অন্তত ৭০০ কোটি টাকার বিকিকিনি হবে।’
প্রতিদিন সন্ধ্যায় পাইকারি মার্কেট থেকে কেনা কাপড়ের পসরা বসছে নগরীর ফুটপাতে।
বিশেষ করে নিউমার্কেট, কেসিদে রোড, লালদীঘির পাড়, আন্দরকিল্লা, বন্দরটিলা, দুই নম্বর গেট, বহদ্দারহাট, আগ্রাবাদ, বায়েজিদ বোস্তামি এলাকার ফুটপাতে আমদানি করা পুরনো শীতের পোশাকের জমজমাট বিকিকিনি চলছে।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী কাপড়ের বাজার টেরিবাজার। এখানে মোট ৮২টি মার্কেটে প্রায় তিন হাজার দোকান আছে। টেরিবাজারের ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, ‘এখানে গরম কাপড়ের মধ্যে শিশুদের কাপড়ই বেশি পাওয়া যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন