প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বের দূষিত শহরের তালিকায় বর্তমানে পাকিস্তানের লাহোর শীর্ষস্থানে রয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শহরটির বায়ুমান সূচক (একিউআই) ১৭৭ এ পৌঁছেছে, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা ষষ্ঠ স্থানে অবস্থান করছে, যার স্কোর ১৫২। ঢাকার বাতাসের মানও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
এ তথ্য সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে জানা গেছে। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৭২ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় মালয়েশিয়ার কুচিং দ্বিতীয় অবস্থানে রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ১৬৯। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা ১৬৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। পঞ্চম স্থানে ভারতের কলকাতার বায়ুমান স্কোর ১৫৮।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত একিউআইকে ‘ভালো’ বা ‘অনেক ভালো’ হিসেবে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত। ১০১ থেকে ১৫০ পর্যন্ত স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। ২০১ থেকে ৩০০ পর্যন্ত স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’, আর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়।
বাংলাদেশে বায়ুর মান নির্ধারণে পাঁচ ধরনের দূষণকারী উপাদানকে বিবেচনা করা হয়। এই উপাদানগুলো হলো বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩)।
২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের প্রধান তিনটি উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলা। এর পাশাপাশি শহরের ক্রমবর্ধমান নির্মাণকাজ ও অন্যান্য উন্নয়ন কার্যক্রমও বায়ুদূষণের মাত্রা বৃদ্ধি করতে সহায়তা করছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি ও মৃত্যুহার বৃদ্ধি পাচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন