প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভোরের শিশিরভেজা ঘাস, হালকা কুয়াশা, মিষ্টি রোদ এবং বিকেলের শীতল বাতাসের মাঝে গাইবান্ধায় শীতের আগমনী হাওয়া বইতে শুরু করেছে। প্রকৃতির পরিবর্তনের সাথে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়ও আসছে পরিবর্তন; বাঙালির ঐতিহ্যে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে শীতের আমেজ।
বাংলাদেশের ষড়ঋতুর প্রতিটি ঋতুর রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও সৌন্দর্য। বর্তমানে প্রকৃতিতে ঋতু পরিবর্তনের আবহ দেখা যাচ্ছে। সকালের সূর্য কুয়াশা ভেদ করে উঁকি দেওয়ার আগেই শীতের আগমনী দৃশ্য প্রকৃতিতে ফুটে উঠছে। ঘাসের ডগায় জমে থাকা শিশির, মাঠের ওপর হালকা কুয়াশা এবং মিষ্টি রোদ প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করছে। দিনের বেলায় রোদের উষ্ণতা থাকলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলে শীতের অনুভূতি বাড়তে থাকে। বিশেষ করে নদীবেষ্টিত চরাঞ্চল ও খোলা গ্রামীণ এলাকায় শীতের প্রভাব বেশি অনুভূত হচ্ছে।
ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষের দৈনন্দিন জীবনযাত্রাও বদলে যাচ্ছে। শীতের আগমনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পেশায় ব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে গাছিদের মধ্যে। তারা খেজুর গাছের ডালপালা পরিষ্কার করে রস সংগ্রহের জন্য গাছগুলো প্রস্তুত করছেন। তৈরি হচ্ছে রস নামানোর স্থান। গাছে বাঁধা হবে মাটির হাঁড়ি, যেখানে রাতভর জমবে খেজুরের মিষ্টি রস। সেই রস দিয়ে তৈরি হবে গুড় এবং বিভিন্ন ধরনের শীতকালীন খাবার।
উন্নয়নকর্মী আশরাফুল আলম মন্তব্য করেন, ‘শীতের সকাল আর বিকেলের পরিবেশটাই আলাদা। ভোরে শিশিরভেজা প্রকৃতি দেখতে ভালো লাগে। শীত এলেই খেজুরের রস আর পিঠাপুলির কথা মনে পড়ে। এসব ঐতিহ্য আমাদের গ্রামবাংলার সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়।’
শীতের আমেজ খাবারের আয়োজনে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ছে। বিকেল নামতেই গাইবান্ধার বিভিন্ন সড়কের মোড়ে ও হাটবাজারে পিঠাপুলির দোকান বসতে শুরু করছে। চিতই, ভাপা, তেলপিঠা, কুলিপিঠাসহ নানা ধরনের পিঠার পসরা সাজিয়ে বসছেন বিক্রেতারা। গরমগরম পিঠার স্বাদ নিতে ক্রেতাদের ভিড় জমছে। চুলার আগুনে তৈরি হওয়া পিঠার ঘ্রাণ বাজার ও পথঘাটকে মুখর করে তুলছে।
স্থানীয় বাসিন্দা আল আমিন মিয়া জানান, ‘শীত এলেই পরিবারের সবাই মিলে পিঠা খাওয়ার আনন্দটা অন্যরকম। বিশেষ করে ভাপা ও চিতই পিঠা আমাদের খুব পছন্দের। বাড়িতে পিঠা তৈরির পাশাপাশি এখন বাজার থেকেও কিনে খাচ্ছি। শীতের এই ঐতিহ্য আমাদের বাড়তি আনন্দ দেয়।’
এদিকে, শীতের আমেজ বাড়ার সাথে সাথে বাজারেও শীতের প্রস্তুতি দেখা দিতে শুরু করেছে। গরম কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি বাজারে উঠতে শুরু করেছে নানা পদের শীতকালীন শাকসবজি। এসব সবজি ও মৌসুমি খাবার নিয়ে তৈরি হচ্ছে বাড়তি আগ্রহ।
প্রকৃতির রূপ বদল, খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি, পিঠাপুলির আয়োজন এবং শীতের বাজার; সব মিলিয়ে গাইবান্ধায় চলছে শীতকে বরণের প্রস্তুতি। বাঙালির সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যের সাথে মিশে থাকা এসব আয়োজন প্রকৃতি ও জনজীবনে জানান দিচ্ছে শীতের সরব উপস্থিতি।
তবে শীত কারো কাছে উৎসব, কারো কাছে প্রকৃতির সৌন্দর্য উপভোগের সময়। আবার শীতার্ত অসহায় মানুষের কাছে এ ঋতু বাড়তি কষ্টের কারণ হয়ে উঠতে পারে। তাই শীতের আগমনী আনন্দের পাশাপাশি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নেয়াও জরুরি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন