প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রথমবারের মতো বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট এবং অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে অংশগ্রহণ করেছেন প্রায় ২ হাজার ৫০০-এর বেশি অতিথি ও দর্শনার্থী।
বৃহস্পতিবার (২৫জুন) এমআইএসটির প্রাঙ্গণে, যা মিরপুর সেনানিবাসস্থ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আয়োজকরা ছিলেন এমআইএসটির শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্টুডেন্ট ফর্মুলা দল এমআইএসটি ব্লিটজ এবং বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট কমিউনিটি।
ইভেন্টটি বাংলাদেশের প্রথম জাতীয় পর্যায়ের ইভেন্ট হিসেবে পরিচিত, যেখানে শিক্ষার্থী, প্রকৌশলী, অটোমোবাইল ইন্ডাস্ট্রি প্রফেশনাল এবং পলিসিমেকাররা একত্রিত হন। এটি বাংলাদেশের অটোমোবাইল কমিউনিটির বন্ধনকে আরো মজবুত করবে বলে প্রত্যাশা করা হয়।
শিক্ষার্থী, প্রকৌশলী, গবেষক, অটোমোবাইল শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও নীতিনির্ধারকদের একই মঞ্চে নিয়ে আসার মাধ্যমে দেশের অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং খাতের বিকাশ ত্বরান্বিত করা এবং একাডেমিয়া ও শিল্পের মধ্যে টেকসই সহযোগিতার সম্পর্ক গড়ে তোলাই এই সামিটের প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। আয়োজক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এমআইএসটির মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ শরীফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষজ্ঞদের পরিচালনায় অটোমোটিভ ও ফর্মুলা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের ওপর টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। দেশের অটোমোটিভ ও ওইএম খাতের উন্নয়ন সংক্রান্ত আলোচনা হয় ফর্মুলা স্টুডেন্ট কমিউনিটি, ইন্ডাস্ট্রি প্রফেশনাল ও কর্মকর্তাদের অংশগ্রহণে। শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষভাবে ফর্মুলা ফিউচার বিজনেস কেস প্রতিযোগিতা, আইসি ইঞ্জিন মাস্টারক্লাস, কুইজ, ফর্মুলা স্টুডেন্ট কনসেপ্ট কার চ্যালেঞ্জ, ক্যাড ডিজাইন প্রতিযোগিতা এবং পোস্টার প্রেজেন্টেশন আয়োজন করা হয়।
এছাড়া দর্শনার্থীদের জন্যে ইভেন্টে আকর্ষণ হিসেবে অন্তর্ভুক্ত ছিল কার শো, গো-কার্ট রেসিং এবং সিমুলেটর রেসিং। এর মধ্যে উল্লেখযোগ্য আকর্ষণ ছিল 'কার শো', যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি ফর্মুলা স্টুডেন্ট রেসিং কারের পাশাপাশি স্বনামধন্য ব্র্যান্ড ও সংগ্রাহকদের হাই-পারফরম্যান্স গাড়ি প্রদর্শিত হয়।
মূল আয়োজনের পূর্বে ‘ট্র্যাকটক ২০২৬’ শীর্ষক একটি অনলাইন ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছিল, যেখানে দেশি-বিদেশি অটোমোবাইল ইন্ডাস্ট্রি প্রফেশনালরা ফর্মুলা স্টুডেন্ট, ফর্মুলা ওয়ান এবং হাই-পারফরম্যান্স গাড়ি উন্নয়নে অভিজ্ঞতা শেয়ার করেন।
এমআইএসটি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ইভেন্ট বাংলাদেশে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ও ফর্মুলা স্টুডেন্ট প্রতিযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন