প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ বাণিজ্য কর্মকর্তা সোমবার বলেছেন, চলতি গ্রীষ্মে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিনিয়োগ ব্যাংক থেকে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসকে কয়েকশ কোটি ডলারের ঋণ অনুমোদন করায় যুক্তরাষ্ট্র ও ইইউর মধ্যে বিদ্যমান শুল্ক আরোপ স্থগিত রাখার সমঝোতা ঝুঁকির মুখে পড়তে পারে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এ ঋণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, তার দপ্তর এ বিষয়ে ‘কোনো বিস্তারিত তথ্য পায়নি’। তিনি যত দ্রুত সম্ভব বিষয়টির সমাধান করার আহ্বান জানান।
এক বিবৃতিতে গ্রিয়ার বলেন, ‘আমি আন্তরিকভাবে আশা করেছিলাম, এয়ারবাসকে দেওয়া ইউরোপের বাণিজ্য-বিকৃতিকারী ভর্তুকির দিন শেষ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতি উড়োজাহাজ শিল্পে আটলান্টিকের দুই পাশের বাণিজ্য নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা তৈরি করছে।’
গত জুনে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি) এয়ারবাসের গবেষণা ও উন্নয়ন কার্যক্রম জোরদার করতে রেকর্ড ৩০০ কোটি ইউরো বা ৩৪০ কোটি ডলার অর্থায়নের ঘোষণা দেয়।
তখন ইআইবির ভাইস প্রেসিডেন্ট আমব্রোয়াজ ফায়োল এএফপিকে বলেছিলেন, ব্যাংকটির ইতিহাসে নজিরবিহীন এই অর্থায়নের লক্ষ্য হলো এয়ারবাসকে দীর্ঘমেয়াদি গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবনে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সক্ষমতা ও নমনীয়তা দেওয়া।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ২০০৪ সাল থেকে কথিত অন্যায্য বাণিজ্যচর্চা নিয়ে বিরোধ চলে আসছে। উভয় পক্ষই অভিযোগ করে আসছে, প্রতিপক্ষ সরকার আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি লঙ্ঘন করে বেসরকারি প্রতিষ্ঠানকে সহায়তা দিচ্ছে।
এ বিরোধের কেন্দ্রে রয়েছে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ও এয়ারবাস।
দীর্ঘ ১৭ বছরের এই বিরোধের জেরে যুক্তরাষ্ট্র ও ইইউ একে অপরের শত শত কোটি ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিল।
তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময়ে ২০২১ সালে উভয় পক্ষ পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতায় পৌঁছায়। এরপর থেকে দুই পক্ষের কেউই ওই বিরোধের জেরে পুনরায় শুল্ক আরোপ করেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন