প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এতে বেসামরিক নাগরিকদের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, সাগাইং অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিজেদের মধ্যকার রক্তক্ষয়ী কোন্দলে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। চার মাসের মধ্যে প্রায় ৭ লাখ নাগরিক মিয়ানমার ছেড়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন এমন অস্থিতিশীল পরিস্থিতিতে।
মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিডং উপজেলায় আবারো বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। যুদ্ধবিমান থেকে শহরের আশপাশের গ্রামগুলোতে সেনারা মুহুর্মুহু বোমা ফেলেছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে অন্তত ১০টি শক্তিশালী বোমা নিক্ষেপ করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।
এদিকে, জান্তাবিরোধী শিবিরের অভ্যন্তরীণ কোন্দলে রক্তাক্ত হয়েছে সাগাইং অঞ্চলের মোনিওয়া শহর। সমান্তরাল জাতীয় ঐক্য সরকার বা এনইউজির অনুগত পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ এবং পিপলস সিকিউরিটি ফোর্স পিএসএফ-এর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। পিডিএফের আকস্মিক অভিযান শেষে স্থানীয় পিএসএফ ক্যাম্পগুলোতে এই সংঘাতের সূত্রপাত ঘটে।
এমন চতুর্মুখী সহিংসতা ও জান্তা সরকারের বাধ্যতামূলক সামরিক নিয়োগ আইন থেকে বাঁচতে মিয়ানমারের নাগরিকরা দলে দলে দেশ ছাড়ছেন। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম-এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম চার মাসেই প্রায় ৬ লাখ ৮৭ হাজার মিয়ানমার নাগরিক প্রতিবেশী থাইল্যান্ডে প্রবেশ করেছেন।
মূলত, জোরপূর্বক সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি এড়ানো, নিরাপত্তা এবং অর্থনৈতিক বিপর্যয়ের কারণেই এই ব্যাপক দেশত্যাগ ঘটে। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত সংঘাতে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন বলে সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডি জানিয়েছে। বিশ্লেষকদের মতে, এটি এশিয়ার অন্যতম প্রাণঘাতী সংঘাত হতে পারে, যেখানে প্রকৃত প্রাণহানি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
জাতিসংঘের তথ্য অনুসারে, এই সহিংসতার ফলে ৩৭ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং প্রতি পাঁচজনের একজন তীব্র খাদ্যসংকটে ভুগছেন, যা প্রতিবেশী দেশগুলোতে নেতিবাচক প্রভাব ফেলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন