প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গত কয়েক দিনে রাজধানীর বিভিন্ন স্থানে, বিশেষ করে ফার্মগেটে মেট্রোস্টেশনের নিচে, বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
এবি পার্টি মনে করে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ, রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন এবং জননিরাপত্তা বিঘ্নিত করার ধারাবাহিক ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখা যাবে না। দলের নেতৃদ্বয় বলেন, পতিত ও পরাজিত শক্তি নানা অপকৌশলে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, জনমনে আতঙ্ক ছড়ানো এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাতে পারে। এসব ঘটনার পেছনে কারা জড়িত, তা উদ্ঘাটন করা প্রয়োজন।
তারা আরও বলেন, বাংলাদেশে মানুষ দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন, দমন-পীড়ন ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে জুলাইয়ে ছাত্র-জনতার রক্ত দিয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করেছে। যদি কেউ সেই পরিবর্তনের পথে বাধা দিতে আগুন, বোমা ও আতঙ্কের রাজনীতি ফিরিয়ে আনতে চায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা সেটি প্রতিহত করব। ফ্যাসিবাদী পরাজয়ের প্রতিশোধ নিতে নিরীহ মানুষের জীবন, সম্পদ ও জননিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলার কোনো সুযোগ দেওয়া হবে না।
এবি পার্টির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বলেন, বাসে আগুন দিয়ে সাধারণ যাত্রী, শ্রমজীবী মানুষ ও পরিবহন খাতকে আতঙ্কিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব ঘটনার সঙ্গে জড়িত পতিত ও পরাজিত শক্তির ব্যক্তি, পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই পতিত ফ্যাসিবাদী শক্তিকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
নেতৃদ্বয় আরও বলেন, নাশকতা দমনের নামে যেন কোনো নিরপরাধ মানুষ হয়রানি বা রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে। দেশে আইনের শাসন, গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের নিরাপত্তা প্রতিষ্ঠাই এখন সবচেয়ে জরুরি। কোনো অপশক্তির নাশকতা কিংবা ষড়যন্ত্রের কাছে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা পরাজিত হতে পারে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন