প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সড়ক নিরাপত্তায় তরুণদের নেতৃত্ব, দক্ষতা ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে নিরাপদ সড়ক আন্দোলন। রবিবার (২৯ নভেম্বর) ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সেমিনার কক্ষে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় নিরাপদ সড়ক আন্দোলনের তরুণ সদস্যদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সৈয়দ মইনুল হাসান কর্মশালার উদ্বোধন করেন। সড়ক নিরাপত্তার মৌলিক ধারণা, ট্রাফিক আইন, সড়ক চিহ্ন ও নিরাপদ সড়ক ব্যবহারকারীর আচরণ, রোড ক্র্যাশের ঝুঁকি ও প্রতিরোধ, জরুরি সাড়াদান ও প্রাথমিক চিকিৎসা, নিরাপদ সড়ক অবকাঠামো এবং ঝুঁকিপূর্ণ সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
বুয়েটের অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের (এআরআই) সহকারী অধ্যাপক ড. আমানা সাবিহা হক লিভা, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ট্রাফিক এনফোর্সমেন্ট কর্মকর্তা মো. সালিম খান, সিনিয়র রোড সেফটি স্পেশালিস্ট মোহাম্মদ মামুনুর রহমান এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার ড. মোহাম্মদ শাহীন সরকার কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন।
এছাড়া, নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ হোসেন মাগফি ইমার্জেন্সি রেসপন্স, প্রাথমিক চিকিৎসা ও রোড ক্র্যাশে ক্ষতিগ্রস্তদের সহায়তা বিষয়ে সেশন পরিচালনা করেন। সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইনজামুল হক সড়ক নিরাপত্তায় তরুণদের নেতৃত্ব, অ্যাডভোকেসি ও কমিউনিটির সঙ্গে কার্যকর সম্পৃক্ততা নিয়ে সেশন পরিচালনা করেন। সেশনে তিনি তরুণদের সাংগঠনিকভাবে সম্পৃক্ত করা, সড়ক নিরাপত্তায় জনমত গঠন, বিভিন্ন পর্যায়ে দাবি তুলে ধরার কৌশল এবং কমিউনিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
কর্মশালার সমাপনী বক্তব্যে নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবদুল্লাহ মেহেদি দীপ্ত বলেন, ‘রোড ক্র্যাশে সবচেয়ে বড় ভিকটিমদের মধ্যে তরুণরা রয়েছেন। তরুণদের মৃত্যুর প্রধান কারণই রোড ক্র্যাশ এবং রোড ক্র্যাশে মৃত্যুর ক্ষেত্রেও তরুণরা শীর্ষে। বাংলাদেশে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার আন্দোলন ও পরিবর্তনের ক্ষেত্রে তরুণরাই বরাবর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
২০১৮ সালের তরুণদের নিরাপদ সড়ক আন্দোলনের দাবির প্রেক্ষিতেই দেশে প্রথম সড়ক পরিবহন আইন প্রণয়ন হয়। তরুণদের দাবির ধারাবাহিকতায় রোড ক্র্যাশে আহত ও নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থাও চালু হয়েছে। বর্তমানে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের ক্ষেত্রেও আমরা কাজ করছি। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মূল্যায়ন, সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন