প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ দলের চার পেসার (বাঁ থেকে) ইবাদত, হাসান, তাসকিন ও খালেদ বিমানবন্দরে হাসিমুখে ক্যামেরাবন্দী হয়েছেন। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে একটি ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে প্রথম টেস্ট জিতে সফরকারীরা দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। ২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হবে সিরিজ নির্ধারণী টেস্ট। তবে সেখানে পৌঁছাতে বাংলাদেশ দলের জন্য একটি বাজে অভিজ্ঞতা হয়েছে। শান্ত-মুশফিক-মিরাজ-হাসানদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে এই যাত্রায়। ফ্লাইট বিলম্বের কারণে ৬ ঘণ্টার পথ পাড়ি দিতে লেগেছে সাড়ে ১৪ ঘণ্টা। এই তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন একটি জাতীয় দৈনিককে। যদিও ক্লান্তিকর এই ভ্রমণ নিয়ে তিনি কোনো অভিযোগ করেননি। ডারউইন অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে অবস্থিত এবং ম্যাকাইয়ের অবস্থান কুইন্সল্যান্ড রাজ্যে। আকাশপথে দুই শহরের দূরত্ব প্রায় ২২০০ কিলোমিটার। আজ ডারউইনের সময় ভোর সাড়ে ৫টায় টিম হোটেল থেকে বিমানবন্দরের উদ্দেশে বের হয় বাংলাদেশ দল। সকাল ৭টায় তারা ম্যাকাইগামী বিমানে ওঠে। যখন বিমানে ম্যাকাইতে অবতরণ করে, তখন ঘড়ির কাটায় প্রায় সন্ধ্যা ৭টা বাজে। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে হোটেলে যেতে লেগেছে আরো ১ ঘণ্টা। সব মিলিয়ে বাংলাদেশ দল একটি ক্লান্তিকর দিন অতিবাহিত করেছে। তবে দীর্ঘ ভ্রমণের পরেও সুমনের ভাষ্যমতে, সব ক্রিকেটার ভালো আছেন। তিনি বলেন, ‘আমরা ম্যাকাইয়ে পৌঁছেছি। ভ্রমণটা অনেক দীর্ঘ ছিল। (ভোর) সাড়ে ৫টার সময় হোটেল থেকে বের হয়েছি। ৭টায় ফ্লাইট ছিল। ম্যাকাইয়ের হোটেলে পৌঁছাতে রাত ৮টা বেজেছে। লম্বা ভ্রমণ। কিন্তু সবাই ভালো আছি। কোনো অভিযোগ নেই। আলহামদুলিল্লাহ।’ বাংলাদেশের জন্য ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় টেস্ট অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের মাধ্যমে। ইতোমধ্যে এই ভেন্যুতে প্রথম দুই দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। যদি বাংলাদেশ ম্যাকাই টেস্টে হার এড়াতে পারে, তবে এটি প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয় করার কীর্তি গড়বে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন