প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুর্গাপূজার মণ্ডপে দেওয়া বক্তব্যের জন্য সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি ধর্মীয় বিতর্ক সৃষ্টি করা বক্তব্যের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। পাশাপাশি তিনি সবার কাছে দুঃখ প্রকাশ করেন।
নিজান তার বিবৃতিতে উল্লেখ করেন, শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তার বক্তব্যের কিছু অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি তার দৃষ্টিগোচর হয়েছে।
তিনি আরও বলেন, যে অংশটি ধর্মীয়ভাবে বিতর্কের সৃষ্টি করেছে, তার জন্য তিনি মহান আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছেন এবং সবার কাছে দুঃখ প্রকাশ করছেন।
ফেসবুক পোস্টে হুইপ নিজান জানান, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে তিনি বর্তমানে সৌদি আরবের মদিনায় অবস্থান করছেন। সেখানে মহান আল্লাহর কাছে তার ঈমান আরো সুদৃঢ় করার এবং সকলকে কল্যাণের কাজে নিয়োজিত রাখার দোয়া করছেন। এ সময় তিনি সবার কাছে দোয়া চান।
এর আগে গত সপ্তাহে রামগতি উপজেলার একটি পূজামণ্ডপে শাড়ি বিতরণ করতে গিয়ে বক্তব্য দেন হুইপ আশরাফ উদ্দিন নিজান। তিনি তখন বলেন, ‘আমি ভগবানের কাছে প্রার্থনা করব, কেউ আমার পাশে থাকুক বা না থাকুক, ভগবান যেন আমাকে শক্তি দেন, সমর্থন দেন, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি।’
এছাড়া তিনি বলেন, প্রধানমন্ত্রীর তহবিল থেকে মুসলমানদের জন্য শাড়ি দেওয়া হলে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় কেন দেওয়া হবে না? এ কারণে প্রধানমন্ত্রী তাদের জন্যও শাড়ি পাঠিয়েছেন। তার এই বক্তব্যের ফলে সামাজিক ও ধর্মীয় অঙ্গনে সমালোচনা সৃষ্টি হয়।
এই বিষয়ে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মদিনা থেকে মুঠোফোনে কালের কণ্ঠকে হুইপ নিজান বলেন, ‘একজন মানুষ হিসেবে আমার বক্তব্যে ভুল হতে পারে। তাছাড়া আমি তো মুসলমান। সে হিসেবে আমার বক্তব্যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে এর জন্য আমি সবার আগে আমার আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ তায়ালা যেন আমাকে ক্ষমা করে দেন।’
নিজান আরও বলেন, পবিত্র ওমরাহ পালনের জন্য বর্তমানে তিনি মদিনায় আছেন। বাংলাদেশের সবার জন্য তিনি দোয়া করবেন। একই সঙ্গে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন