প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ খেলাফত মজলিস বিদ্যুৎ, তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধি এবং সীমান্তে পুশইনের প্রতিবাদে রাজধানীতে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
রোববার বিকেলে বায়তুল মোকারর জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর শাখার উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মিছিলে সমাবেশের আগে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম বৃদ্ধি না করতে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধের আহবান জানান।
মাওলানা বলেন, নির্বাচনের পর খুব অল্প সময়ের মধ্যেই তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে আরো দুর্বিষহ করে তুলেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ ইতোমধ্যে দিশাহারা। এর ওপর বারবার জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধি নতুন বোঝা চাপিয়ে দিচ্ছে জনগণের ওপর।
তিনি উল্লেখ করেন, সরকার যদি বিদ্যুৎ, তেল ও গ্যাস খাতে দুর্নীতি, অপচয় ও চাঁদাবাজি বন্ধ করতে পারে, তাহলে জনগণের ওপর মূল্য বৃদ্ধির বোঝা চাপানোর প্রয়োজন হবে না। অথচ সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতেই হিমশিম খেতে হচ্ছে, অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি, দখলদারিত্ব, খুন ও ধর্ষণের মতো ঘটনার কারণে জনমনে চরম উদ্বেগ বাড়ছে।
মাওলানা জালালুদ্দীন আরো বলেন, ইতিহাস সাক্ষী—জনগণের কণ্ঠস্বর উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘকাল টিকে থাকা সম্ভব নয়। তাই জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত থেকে সরে এসে খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে সরকারকে অগ্রাধিকার দিতে হবে।
তিনি বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের পুশইন ও হয়রানির ঘটনা দেশের সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার জন্য উদ্বেগজনক। এ বিষয়ে সীমান্ত এলাকার জনগণ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পেশাদারিত্ব প্রশংসনীয়। সরকারকে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন রাজী সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা কুরবান আলী কাসেম, যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় নেতা মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ফজলুর রহমান, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা রুহুল আমিন, মাওলানা হাসান জুনাইদ এবং অন্যান্য ব্যক্তিবর্গ।
বক্তাগণ অবিলম্বে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ এবং সীমান্তে পুশইন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিও জানান।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বায়তুল মুকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন