প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুরে এক লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার মামলায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শহরের দক্ষিণ তেমুহনী এলাকার একটি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্র থেকে অভিযুক্ত দেলোয়ারকে গ্রেপ্তার করে পুলিশ।
ফুড কেমিক্যাল ব্যবসায়ী শাহেদ আলম জানিয়েছেন, তিনি লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকার কালীবাজার সড়কে ব্যবসা পরিচালনা করছেন। গত মঙ্গলবার দুপুরে স্থানীয় দেলোয়ার পেট্রলের বোতল নিয়ে তার দোকানে প্রবেশ করেন। এ সময় দেলোয়ার দোকানের মালামালের ওপর পেট্রল ছিটিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অপারগতা জানালে তার পাশে বসে থাকা ব্যবসায়ী কৃষ্ণপালের শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে তাকে টেনে-হিঁচড়ে মারধর করা হয়। দোকানের কর্মচারী সোহাগ বাধা দিলে তাকেও মারধর করা হয়।
অন্যান্য সূত্রে জানা যায়, আশপাশের লোকজন শাহেদকে উদ্ধার করতে এগিয়ে গেলে দেলোয়ার, তার ছোট ভাই শাকিল ও ভাগিনা মুন্না দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী শাহেদ বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করেছেন। মামলায় দেলোয়ারকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং শাকিল ও মুন্নাকেও আসামি করা হয়েছে।
এদিকে, চাঁদা দাবি ও ব্যবসায়ীদের মারধরের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। তিনি বলেন, "খবর পেয়েই আমি ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। এরপর থেকে বাজারের ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।"
লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান জানিয়েছেন, ঘটনার পর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। অভিযুক্তরা মাদকাসক্ত। ইতিমধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের ধরার জন্য অভিযান চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন