প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ির দীঘিনালায় হাচিনসন পুর আল হেরা ইসলামিক একাডেমির ২৬ শিক্ষার্থী পবিত্র কোরআনের সবক গ্রহণ করেছে। একই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে গজল, হাদিস ও কেরাত পরিবেশনের পাশাপাশি জানাজার নামাজের ওপর সচেতনতামূলক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় কবাখালী ইউনিয়নের হাচিনসন পুর এলাকায় একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের কোরআনের সবক প্রদান করেন বেলছড়ি মাদ্রাসার পরিচালক মাওলানা মো. ইলিয়াস হোসেন।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাওলানা মহিউদ্দিন বিন সুরুজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ইদ্রিস।
এ সময় উপস্থিত ছিলেন হাচিনসন পুর ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নূরুল আবছার মুনাফ, দীঘিনালা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. শামসু রানা, দীঘিনালা উপজেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মো. জামালুল হাসান জামাল, সাধারণ সম্পাদক মাওলানা মো. রুহুল আমিন এবং দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামাল।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা গজল, হাদিস ও কেরাত পরিবেশন করলে উপস্থিত অতিথি ও অভিভাবকেরা তাদের প্রশংসা করেন। পাশাপাশি জনসচেতনতা তৈরির লক্ষ্যে শিক্ষার্থীদের উদ্যোগে জানাজার নামাজের বিভিন্ন ধাপ ও নিয়ম নিয়ে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শিশুদের অংশগ্রহণে আয়োজিত এ প্রদর্শনী উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।
আয়োজকেরা জানান, ২০২২ সালে প্রতিষ্ঠিত আল হেরা ইসলামিক একাডেমিতে বর্তমানে শিশু শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হচ্ছে। প্রতিষ্ঠানটিতে মোট শিক্ষার্থী রয়েছে প্রায় ১৩০ জন।
অনুষ্ঠানে মাদ্রাসার উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের যাতায়াতের সমস্যার বিষয়টিও উঠে আসে। স্থানীয়দের অভিযোগ, একাডেমিতে যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বৃষ্টি হলে কাঁচা রাস্তায় পানি জমে কাদায় পরিণত হওয়ায় শিশুদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।
দীঘিনালা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. শামসু রানা বলেন, মাদ্রাসা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টরা যাতায়াতের সমস্যার কথা জানিয়েছেন। আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পর খুব বেশি সময় পার হয়নি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে আছেন আমাদের নেতা ওয়াদুদ ভূঁইয়া। তিনি দীঘিনালার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন এবং ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। আশা করি, খুব শিগগিরই এই এলাকার যাতায়াত সমস্যার সমাধান হবে।
হাচিনসন পুর ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নূরুল আবছার মুনাফ বলেন, সামান্য বৃষ্টি হলেই শিশুরা মাদ্রাসায় আসতে গিয়ে ভিজে যায়। রাস্তার পাশে থাকা পুকুরগুলো থেকে পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। যুবসমাজকে সঙ্গে নিয়ে দ্রুত এ সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
দীঘিনালা উপজেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মো. জামালুল হাসান জামাল বলেন, আজ ২৬ জন শিক্ষার্থী পবিত্র কোরআনের সবক গ্রহণ করছে। আল্লাহ যেন তাদের কবুল করেন। বাড়ির পাশে এমন একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান থাকা এলাকার মানুষের জন্য গর্বের বিষয়। সবার সহযোগিতা পেলে প্রতিষ্ঠানটি ধর্মীয় শিক্ষার প্রসারে আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অভিভাবকেরা বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিশুদের এমন সৃজনশীল ও সচেতনতামূলক কার্যক্রম তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন