প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে পুলিশ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে। উদ্ধারকৃত গাঁজার মধ্যে রয়েছে কয়েকটি গাঁজা গাছ এবং এ ঘটনায় একজন গাঁজা চাষিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২ আগস্ট) ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন। এই অভিযানের মাধ্যমে এসব মাদক উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সকাল আনুমানিক ১০টার দিকে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দফাদার মোড় সংলগ্ন একটি সরু সেতুর ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। তল্লাশি চলাকালীন ভূরুঙ্গামারী বাজারগামী একটি অটোরিকশায় ধানের ভূষির বস্তার ভেতর থেকে প্রায় ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পরিবহনকারী ব্যক্তি চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজা পরিত্যক্ত আলামত হিসেবে সাধারণ ডায়েরি (জিডি) মূলে আদালতে পাঠানো হবে। পরবর্তীতে মালিকানা শনাক্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
একই দিনে দুপুর ১২টার দিকে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের পাইকডাঙ্গা এলাকায় অভিযানের মাধ্যমে ফজর আলী শুক্কুর (৫৫) এর বসতবাড়ির উঠান থেকে দুটি পরিপক্ব গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ ঘটনার পর পুলিশ ফজর আলী শুক্কুরকে গাঁজা চাষের অভিযোগে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এছাড়া, গোপন সংবাদের ভিত্তিতে সোনাহাট পুরাতন রেলসেতু এবং নবনির্মিত সড়কসেতুর মধ্যবর্তী নদীর তীর থেকে মালিকানাবিহীন আরও দুটি গাঁজা গাছ জব্দ করা হয়েছে। পুলিশ জানান, এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, মাদক কারবারিরা যেখানেই বা যে কৌশলেই মাদক ব্যবসা পরিচালনা করুক না কেন, পুলিশ তা উদঘাটনে সক্ষম। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মাদকমুক্ত ভূরুঙ্গামারী গড়ে তোলা সম্ভব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন