প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না মন্তব্য করেছেন যে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যুবদলের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ পাবে না। তিনি জানান, ভবিষ্যতে কেউ যাতে সংগঠনের সুনাম ক্ষুণ্ন করতে না পারে, সেই উদ্দেশ্যে যুবদল কঠোর নীতি গ্রহণ করেছে।
বুধবার, রাজধানীর নয়াপল্টনের হোটেল ভিক্টোরির সাঙ্গু ব্যাংকুইট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মোনায়েম মুন্না মন্তব্য করেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে যুবদলের নেতাকর্মীরা মিছিল, সমাবেশ, গণসংযোগের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি দাবি করেন, জুলাই-আগস্টের গণআন্দোলনে যুবদলের ৭৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন এবং শতাধিক নেতাকর্মী স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন।
তিনি বলেন, সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের বহিষ্কার করার পাশাপাশি আইনের আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া যুবদলের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে সেতু নির্মাণ, খাল খননসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
যুবদলের সভাপতি বলেন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর জরুরি সভা, প্রতিবাদ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। আগামী দিনেও সারাদেশে সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে। এই লক্ষ্যে সাংগঠনিক টিম গঠন করে জেলা ও উপজেলা পর্যায়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে আবদুল মোনায়েম মুন্না বলেন, বিভিন্ন ঘটনায় যুবদলকে জড়িয়ে অপপ্রচার না চালিয়ে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করা উচিত।
তিনি বলেন, ‘আমাদের দলীয় কর্মসূচিতে কোনো ধরনের বাগবিতণ্ডা হয়নি। সত্যতা যাচাই না করে সিন্ডিকেট করে যে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, সহসভাপতি রেজাউল কবীর পল, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক এবং সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন