প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মায়ের অসুস্থতার জন্য ওষুধ কিনতে গিয়েছিল ১৭ বছর বয়সী কিশোর আদর আলী। বাসায় ফেরার পথে তার দিকে ছোড়া হয় ককটেল। বিকট বিস্ফোরণের ফলে আদরের পিঠ, বাম হাত এবং বাম পায়ের বৃদ্ধাঙ্গুলে স্প্লিন্টার বিদ্ধ হয় এবং তার শরীর দগ্ধ হয়। মায়ের জন্য ওষুধ নিয়ে বাড়ি ফেরার কথা থাকলেও এখন তাকে হাসপাতালে যন্ত্রণায় কাতরাতে হচ্ছে। রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় নিষিদ্ধ সংগঠনের ককটেল হামলার শিকার হয়েছে এই শিক্ষার্থী।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত আদর আলী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তাকে অবজারভেশন রুমে রেখে বিশেষ নজরদারিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আদরের বাবা উজ্জ্বল চৌধুরী জানান, ঘটনার রাতে তিনি ডিউটিতে ছিলেন। তার স্ত্রী অসুস্থ থাকায় তিনি স্ত্রীর জন্য প্রয়োজনীয় ওষুধ কিনতে ছেলেকে ফার্মেসিতে পাঠান। ওষুধ সব ফার্মেসিতে পাওয়া যায় না, তাই খুঁজে কিনতে কিছুটা সময় লাগে।
আদর ওষুধ কিনে বাড়ি ফিরছিল। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মালিবাগ চৌধুরীপাড়ার গাজী মোটরসের বিপরীত পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তার দিকে ককটেল নিক্ষেপ করা হয়। মুহূর্তেই বিকট বিস্ফোরণে ছিটকে আসা স্প্লিন্টার তার শরীরে বিদ্ধ হয়।
এই বিস্ফোরণে আদর গুরুতর আহত হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার পিঠ, বাম হাত ও বাম পায়ের বৃদ্ধাঙ্গুলে স্প্লিন্টার বিদ্ধ হয়েছে এবং শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে।
জানা গেছে, আহত হওয়ার পর স্বজনরা প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, তার শরীরের একাধিক স্থানে স্প্লিন্টার বিদ্ধ হওয়ায় চিকিৎসকেরা বিশেষ নজর রাখছেন। বর্তমানে বার্ন ইউনিটের অবজারভেশন রুমে তার চিকিৎসা চলছে।
আদর আলী বাড্ডা আলতাবরন্নেসা হাইস্কুল থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সামনে তার নতুন শিক্ষাজীবনের পথচলা শুরু হওয়ার কথা ছিল। অথচ সেই পথচলার শুরুতেই তাকে এমন ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো।
আদরের বাবা উজ্জ্বল চৌধুরীর গ্রামের বাড়ি বরিশাল সদর উপজেলার কুন্দিয়ালপাড়া এলাকায়। বর্তমানে পরিবারটি দক্ষিণ বাড্ডার নানাবাড়ির গলিতে বসবাস করছে।
ছেলের দ্রুত সুস্থতা কামনা করে উজ্জ্বল চৌধুরী হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি চান, তার ছেলের মতো আর কোনো নিরীহ মানুষ যেন এমন নৃশংস হামলার শিকার না হন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন