প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী এবং পুরস্কৃত চলচ্চিত্র প্রযোজক জেমিমা গোল্ডস্মিথ আবারও বিয়ে করেছেন। ৫২ বছর বয়সী জেমিমা, ৬২ বছর বয়সী আইরিশ-অস্ট্রেলীয় কোটিপতি ক্যামেরন ও’রেইলিকে বিয়ে করেন।
সপ্তাহান্তে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন। জেমিমার পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের আনন্দের মুহূর্তগুলো শেয়ার করেছেন।
জেমিমার ভাই বেন গোল্ডস্মিথ বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তার স্ত্রী জেমিমা জোনস ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করে লিখেছেন, “জেমিমা ও ক্যামেরনের বিয়ে উদ্যাপন করছি। কী আনন্দের দিন!”
ছবিতে বেন এবং জেমিমা জোনসকে একটি বড় পাথরের ভবনের পাশে সাজানো বাগানে দেখা যায়। তবে নবদম্পতিকে ছবিতে দেখা যায়নি।
কে এই ক্যামেরন ও’রেইলি?
ক্যামেরন ও’রেইলি প্রয়াত অ্যান্থনি ও’রেইলির পুত্র। তার বাবা ছিলেন একজন খ্যাতনামা মিডিয়া ব্যবসায়ী এবং আয়ারল্যান্ডের সাবেক আন্তর্জাতিক রাগবি খেলোয়াড়।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ক্যামেরন প্রথমে বাবার মিডিয়া ব্যবসায় কাজ শুরু করেন। পরে তিনি প্রাইভেট ইকুইটি ব্যবসায় যুক্ত হন।
২০০৩ সালে তিনি বেয়ার্ড ক্যাপিটাল নামে একটি প্রাইভেট ইকুইটি ফান্ড প্রতিষ্ঠা করেন এবং সুইজারল্যান্ডের মিটার নির্মাতা প্রতিষ্ঠান ল্যান্ডিস+গিয়ার কিনে নেন। পরবর্তীতে তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হন। ২০১১ সালে তোশিবা ২.৩ বিলিয়ন ডলারে প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করে।
জেমিমা এবং ক্যামেরনের পরিচয় ঘটে চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণের কাজের সূত্রে। প্রেমের সম্পর্কে জড়ানোর আগে তারা বেশ কিছুদিন বন্ধু ছিলেন বলে জানা গেছে।
একজন ঘনিষ্ঠ সূত্র জানায়, তারা এক বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে ছিলেন। ক্যামেরন ব্যক্তিগত জীবন নিয়ে গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন বলেও ওই সূত্রটি জানায়।
চলতি বছরের মে মাসে তাদের বাগদানের খবর প্রথম প্রকাশ্যে আসে। এর আগে তাদের সম্পর্ক বেশিরভাগ সময় আড়ালে ছিল।
১৯৯৫ সালে ইমরান খান এবং জেমিমা বিয়ে করেন। নয় বছরের সংসারের পর ২০০৪ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর জেমিমা দুই ছেলেকে নিয়ে যুক্তরাজ্যে বসবাস করেন।
ক্যামেরনের চার সন্তান রয়েছে। অন্যদিকে, ইমরান খানের সঙ্গে জেমিমার দুই ছেলে—সুলাইমান ও কাসিম।
তথ্যসূত্র: সামা টিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন