প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ করতে এসে রোগীরা হয়রানির শিকার হচ্ছেন। ইসিজি ও ইকো পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায়, ওষুধের মজুতে গরমিল এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী কেনাকাটায় অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৫ নভেম্বর) হাসপাতালটিতে অভিযান চালিয়ে সংস্থাটির এনফোর্সমেন্ট টিম এসব অনিয়মের তথ্য সংগ্রহ করে। অভিযানের নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মো. এমরান হোসেন। অভিযানে অংশ নেন উপসহকারী পরিচালক সিদ্দিকুর রহমান রুবেল এবং সানজিদা আকতার শিলা। প্রথমে ছদ্মবেশে হাসপাতালের কার্যক্রম পর্যবেক্ষণ করেন তারা। পরে রোগীদের সঙ্গে কথা বলে এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে অনিয়মের বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।
দুদক জানায়, হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ইসিজি পরীক্ষার দায়িত্বে থাকা কার্ডিওগ্রাফার মোহাম্মদ হাফিজুর রহমান রোগীদের কাছ থেকে প্রতিটি পরীক্ষার জন্য ৮০ টাকা করে নিলেও কোনো রসিদ প্রদান করতেন না। তিনি ছোট কাগজে হিসাব লিখে দিন শেষে মাত্র ৩০ থেকে ৫০ জনের নামে রেজিস্টারে তথ্য লিপিবদ্ধ করতেন। অথচ প্রতিদিন প্রায় ২৩০ থেকে ২৫০ জন রোগী ইসিজি করাতে আসেন। কয়েকজন রোগীর পরীক্ষার প্রতিবেদন যাচাই করে দেখা যায়, টাকা নেওয়ার পর রসিদ না দেওয়া এবং রেজিস্টারে তথ্য না রাখার প্রমাণ ছিল। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ওই কার্ডিওগ্রাফার সন্তোষজনক জবাব দিতে পারেননি।
ইকো পরীক্ষার ক্ষেত্রেও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। দায়িত্বপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট কামরুল হাসান ও মেডিকেল টেকনিশিয়ান নজরুল ইসলামের কক্ষে সরকারি রেজিস্টারের পাশাপাশি আলাদা সাদা কাগজে রোগীদের তালিকা সংরক্ষণ করতে দেখা যায়। সাধারণ রোগীদের ইকো পরীক্ষার জন্য দুই থেকে চার দিন পরের তারিখ দেওয়া হলেও সরকারি নির্ধারিত ২০০ টাকার বাইরে অতিরিক্ত ১০০ থেকে ৩০০ টাকা দিলে তাৎক্ষণিক পরীক্ষা করা হচ্ছিল। অভিযানে অংশ নেওয়া দল রোগীদের সঙ্গে কথা বলে এর সত্যতা নিশ্চিত করে।
হাসপাতালের বহির্বিভাগের ১৩৮ নম্বর ওষুধ বিতরণ কেন্দ্রেও মজুতের হিসাবের গরমিল পাওয়া যায়। ফার্মাসিস্ট খাইরুল ইসলামের স্টক রেজিস্টার যাচাই করে দেখা যায়, খাতাটি নিয়মিত হালনাগাদ করা হয়নি। ‘মন্টিলুকাস্ট’ ওষুধের রেজিস্টারে ২৬ হাজার ৬০০ পাতা মজুত দেখানো হলেও বাস্তবে পাওয়া গেছে ২৫ হাজার ৬০০ পাতা। অর্থাৎ, ওষুধটির এক হাজার পাতার ঘাটতি রয়েছে।
কেন্দ্রীয় ওষুধের স্টোরেও রেজিস্টারের সঙ্গে বাস্তব মজুতের ব্যাপক গরমিল পাওয়া যায়। স্টোরকিপার শ্যামল কান্তি রায়ের উপস্থিতিতে মজুত যাচাই করে দেখা যায়, একটি ওষুধের ক্ষেত্রে রেজিস্টারে ২৪ হাজার ২৬৫টি দেখানো হলেও ‘এস্কেপ’ ও ‘বিকন’ ব্র্যান্ডের মোট ১৭ হাজার ৬০৯টি পাওয়া যায়। এছাড়া হাইড্রোকর্টিসন ১০০ মিলিগ্রাম ইনজেকশনের রেজিস্টারে ২০ হাজার ১০১টি মজুত দেখানো হলেও বাস্তবে পাওয়া গেছে ১৯ হাজার ১০০টি। এসব ঘাটতির বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
এছাড়া বিভিন্ন ইনজেকশনের বাক্সে সরকারি সম্পত্তির সিল বা নির্ধারিত চিহ্ন না থাকার বিষয়টিও নজরে আসে দুদকের। মজুতে ঘাটতি ও সরকারি চিহ্ন না থাকায় ওষুধ বাইরে বিক্রি বা আত্মসাতের আশঙ্কা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন