প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুষ্টিয়া শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ মিছিলে পুলিশের বাধার ঘটনা ঘটেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় বিক্ষোভকারীদের অগ্রসর হতে দেওয়া হয়নি।
সোমবার (৫ অক্টোবর) বিকেল সোয়া পাঁচটার দিকে কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরির মাঠ থেকে বিক্ষোভের জন্য নেতাকর্মীরা বের হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে রোববার সন্ধ্যায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনার পর দলটি রাতের দিকে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ করেছে। প্রতিবাদ হিসেবে সোমবার বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির মাঠ থেকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
এনসিপি নেতাকর্মীরা জানিয়েছেন, লাইব্রেরির মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।
এনসিপি কুষ্টিয়া জেলার সদস্যসচিব সুলতান মারুফ তালহা বলেন, "আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দিয়েছে। নতুন ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করা হচ্ছে। আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করব। প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। কিন্তু এখন কেউ ফোনও রিসিভ করছেন না।"
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভকারীদের কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হয়নি। তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে পাবলিক লাইব্রেরির মাঠের মধ্যে অবস্থান করতে বলা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, "বিক্ষোভকারীদের নিরাপত্তাঝুঁকি আছে। তারা যতক্ষণ ইচ্ছা পাবলিক লাইব্রেরির মাঠের মধ্যে বিক্ষোভ করতে পারেন।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন