প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নদী এবং জীবিকার সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে ওঠা। দীর্ঘ প্রজন্ম ধরে শিক্ষার আলো থেকে পিছিয়ে থাকা একটি জনগোষ্ঠীর মধ্যে আশার প্রদীপ জ্বালিয়েছেন দুই তরুণ। দারিদ্র্য, সামাজিক প্রতিকূলতা এবং বিভিন্ন সীমাবদ্ধতা অতিক্রম করে উচ্চশিক্ষা অর্জন করে নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার মান্তা সম্প্রদায়ের দুই সদস্য মো. আবু বক্কর সিদ্দিক এবং মো. বায়েজীদ হোসেন। তাঁদের এই সাফল্য কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো মান্তা জনগণের জন্য অনুপ্রেরণার একটি উজ্জ্বল উদাহরণ।
বৃহস্পতিবার সকালে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠি গ্রামে একটি সাধারণ অনুষ্ঠানে এই দুই তরুণকে সম্মাননা ক্রেস্ট এবং নগদ অর্থ প্রদান করা হয়। বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।
এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়েদা আখতার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন এবং রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন শিকদারসহ মান্তা সম্প্রদায়ের বিভিন্ন স্তরের মানুষ।
জানা গেছে, বাবুগঞ্জ উপজেলায় প্রায় তিন শতাধিক মান্তা সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। যুগের পর যুগ ধরে তাঁদের জীবন-জীবিকার ধরন, আর্থিক অসচ্ছলতা এবং বিভিন্ন প্রতিকূলতা সন্তানদের শিক্ষার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ফলে এই জনগণের একটি বড় অংশ এখনো শিক্ষার মূলধারায় যথাযথভাবে যুক্ত হতে পারেনি। এই বাস্তবতায় আবু বক্কর সিদ্দিক এবং বায়েজীদ হোসেনের উচ্চশিক্ষা অর্জন নিঃসন্দেহে ব্যতিক্রমী সাফল্য।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা মন্তব্য করেন, মান্তা সম্প্রদায়ের সন্তানদের এই অর্জন অত্যন্ত আশাব্যঞ্জক। তাঁদের সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। পিছিয়ে পড়া এই জনগণের সন্তানদের শিক্ষার সুযোগ সৃষ্টি এবং সুন্দর ভবিষ্যৎ নির্মাণে উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবে। পাশাপাশি দুই শিক্ষার্থীর ভবিষ্যৎ এগিয়ে নিতে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
সম্মাননা পাওয়া মান্তা সম্প্রদায়ের সদস্য মো. আবু বক্কর সিদ্দিক বলেন, নানা প্রতিকূলতা এবং সীমাবদ্ধতার মধ্যেও উচ্চশিক্ষা অর্জনের চেষ্টা করেছি। উপজেলা প্রশাসনের এই সম্মাননা আমাদের অনুপ্রাণিত করেছে। আমাদের সম্প্রদায়ের অন্যান্য সন্তানরাও যেন শিক্ষার আলোয় আলোকিত হতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা।
স্থানীয় সচেতন মহলের মতে, আবু বক্কর সিদ্দিক এবং বায়েজীদ হোসেনের এই অর্জন মান্তা সম্প্রদায়ের অভিভাবকদের মধ্যে নতুন আশার সঞ্চার করবে। তাঁদের সাফল্য দেখে অন্যান্য বাবা-মায়েরাও সন্তানদের বিদ্যালয়মুখী করতে উৎসাহিত হবেন। একই সঙ্গে পিছিয়ে পড়া এই জনগণের শিক্ষার প্রসারে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার হবে বলে প্রত্যাশা তাঁদের।
দারিদ্র্য এবং প্রতিকূলতা যে শিক্ষার অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না, তারই প্রমাণ এই দুই তরুণ। তাঁদের সাফল্য কেবল দুটি পরিবারের নয়, বরং বাবুগঞ্জের মান্তা সম্প্রদায়ের নতুন প্রজন্মের সামনে সম্ভাবনার একটি নতুন দুয়ার খুলে দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন