প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২৩ জুনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সম্ভাব্য বিশৃঙ্খল কর্মকাণ্ড প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২২ জুন) বিকেলে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ কর্মসূচির আয়োজন করে সোনারগাঁ উপজেলা বিএনপি, সোনারগাঁ পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনগুলো। এই কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা প্রথমে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি আল-মদিনা শপিং মলের সামনে থেকে শুরু হয়ে টিপরদী এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং জননিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা, গণতান্ত্রিক পরিবেশ এবং জননিরাপত্তা বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নাশকতামূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড মোকাবিলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সবসময় মাঠে থাকবে বলেও জানান।
বক্তারা আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জনজীবন যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যে সোনারগাঁ বিএনপি সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অরাজকতা, সহিংসতা কিংবা নাশকতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়।
কর্মসূচি শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে একটি বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক আব্দুল হান্নান বেপারী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, দপ্তর সম্পাদক ফজল মিয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক করিম রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহম্মেদ ও রাকিব হাসান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশীদ মিঠু, যুবদল নেতা মামুন আব্দুল্লাহ, আল আমিন বেপারী, মহসিন রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন