প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ঐতিহাসিক স্থাপনা আয়া সোফিয়ার নিচে কয়েকশ মিটার দীর্ঘ সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ কক্ষের একটি বিস্তৃত নেটওয়ার্ক আবিষ্কৃত হয়েছে। খননকাজের মাধ্যমে এত দিন লোকচক্ষুর আড়ালে থাকা এসব স্থাপনা উন্মোচন করা হয়েছে। প্রত্নতাত্ত্বিকদের আশা, অনুসন্ধান ও খননকাজ আরো এগোলে আয়া সোফিয়ার অতীত সম্পর্কে নতুন অনেক তথ্য সামনে আসবে।
বিশ্বের অন্যতম পরিচিত স্থাপত্য নিদর্শন এবং ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের অংশ আয়া সোফিয়ার জন্য এই আবিষ্কারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ নতুন আবিষ্কৃত ভূগর্ভস্থ স্থাপনাগুলো শুধু এই ভবনের নির্মাণ ইতিহাসই নয়, বরং এর নিচে চাপা পড়ে থাকা আরো প্রাচীন সময়ের ইতিহাসও সামনে আনতে পারে।
আয়া সোফিয়ার ইতিহাস প্রায় দেড় হাজার বছরের পুরনো। ৫৩৭ খ্রিস্টাব্দে বর্তমান ভবনটির নির্মাণকাজ শেষ হয়। তবে এই স্থানে এটিই প্রথম উপাসনালয় নয়। এর আগে এখানে একটি রোমান মন্দির এবং পরপর দুটি গির্জা ছিল। বর্তমান ভবনটি এই স্থানে নির্মিত চতুর্থ উপাসনালয়।
ষষ্ঠ শতাব্দীতে বিশাল গম্বুজ ও অনন্য স্থাপত্যশৈলী নিয়ে নির্মিত হাজিয়া সোফিয়া প্রথমে গির্জা হিসেবে ব্যবহৃত হতো। পরবর্তী সময়ে এটি মসজিদে রূপান্তরিত হয়। এরপর জাদুঘর হিসেবে ব্যবহৃত হলেও ২০২০ সালে আবার মসজিদ হিসেবে চালু করা হয়। তবে সাম্প্রতিক খননকাজে আবিষ্কৃত ভূগর্ভস্থ স্থাপনাগুলোর কিছু অংশ বর্তমান ভবনটির নির্মাণকালেরও আগের বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
নতুন আবিষ্কারের পাশাপাশিআয়া সোফিয়া মূল স্থাপত্য সংরক্ষণেও চলছে ব্যাপক সংস্কারকাজ। গত বছর শুরু হওয়া তিন বছর মেয়াদি এই প্রকল্পের আওতায় ভবনটির কেন্দ্রীয় গম্বুজ পুনরুদ্ধার করা হচ্ছে। একই সঙ্গে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্থাপনাটির সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রায় দেড় হাজার বছর ধরে পূর্ব রোমান বা বাইজেন্টাইন সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্যের উত্থান-পতনের সাক্ষী হয়ে টিকে আছে হাজিয়া সোফিয়া। দীর্ঘ এই সময়ে নানা পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া স্থাপনাটিতে বর্তমানে সবচেয়ে বড় পরিসরের সংরক্ষণ ও সংস্কারকাজ চলছে।
নতুন সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ কক্ষের আবিষ্কারআয়া সোফিয়া ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত করেছে। চলমান অনুসন্ধানে আরো কী কী প্রাচীন নিদর্শন বেরিয়ে আসে, এখন সেদিকেই নজর ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকদের।
হাজিয়া সোফিয়ার নিচে গোপন সুড়ঙ্গ থাকার কথা বহু শতাব্দী ধরেই প্রচলিত। ১৯৪০-এর দশকেও স্থাপনাটির নিচে ভূগর্ভস্থ কিছু কাঠামোর সন্ধান পাওয়া যায়। এর মধ্যে ছিল চারটি কক্ষবিশিষ্ট একটি রোমান হাইপোজিয়াম বা ভূগর্ভস্থ সমাধিসৌধ। নতুন আবিষ্কারের সূত্রপাত ২০২৫ সালের শুরুর দিকে। ওই সময় আয়া সোফিয়া একসময়ের অ্যাট্রিয়াম বা খোলা প্রাঙ্গণের নিচে থাকা খিলানযুক্ত ভূগর্ভস্থ কক্ষগুলো পরিষ্কার করার কাজ চলছিল। এই কাজের সময়ই আগে অজানা বেশ কিছু ভূগর্ভস্থ স্থাপনার সন্ধান পান সংশ্লিষ্টরা। পরবর্তী অনুসন্ধান ও খননকাজে এসব কাঠামোর বিস্তৃতি স্পষ্ট হয়ে ওঠে।
এখন পর্যন্ত এসব ভূগর্ভস্থ স্থাপনা থেকে প্রায় ৩ হাজার টন মাটি ও অন্যান্য ধ্বংসাবশেষ সরানো হয়েছে। এরপর থেকে আবিষ্কৃত স্থানগুলো পরিষ্কার, বিস্তারিতভাবে নথিভুক্ত এবং সংরক্ষণের কাজ চলছে।
খননকাজে এখন পর্যন্ত সুড়ঙ্গ, পানিপ্রবাহের পথ, খিলানযুক্ত কক্ষ, একটি সমাধিসৌধ এবং একটি প্রাচীন চলাচলের পথের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ওই পথটি পঞ্চম শতাব্দীর একটি রোমান সড়কের সঙ্গে যুক্ত ছিল। এসব আবিষ্কারআয়া সোফিয়া নিচে থাকা প্রাচীন স্থাপত্য ও যোগাযোগব্যবস্থা সম্পর্কে নতুন তথ্য দিচ্ছে।
ভূগর্ভস্থ স্থাপনাগুলোর পরিষ্কার ও খননকাজের প্রতিটি ধাপ টেরেস্ট্রিয়াল লেজার স্ক্যানিং প্রযুক্তির মাধ্যমে নথিভুক্ত করা হচ্ছে। এই প্রযুক্তির সাহায্যে স্থাপনাগুলোর সঠিক অবস্থান, গঠন ও অবকাঠামোর বিস্তারিত তথ্য সংরক্ষণ করা সম্ভব হচ্ছে।
হাজিয়া সোফিয়া বৈজ্ঞানিক কমিটির সদস্য হাসান ফিরাত ডিক ২০২৬ সালের মার্চে প্রকাশিত এক গবেষণায় লিখেছেন, খনন ও পরিষ্কারের কাজ যত এগোবে, এই অনন্য বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনাটির ভূগর্ভস্থ অবকাঠামোর পুরো চিত্র ততই স্পষ্ট হয়ে উঠবে। ফলেআয়া সোফিয়া নিচে লুকিয়ে থাকা প্রাচীন স্থাপত্য ও নির্মাণব্যবস্থা সম্পর্কে আরো বিস্তারিত জানা সম্ভব হবে।
হাজিয়া সোফিয়ার ভূগর্ভস্থ অবকাঠামো থেকে এ পর্যন্ত প্রায় ৩ হাজার টন মাটি ও ধ্বংসাবশেষ সরানো হয়েছে। পাশাপাশি ইতিমধ্যে ৪২০ মিটার দীর্ঘ সুড়ঙ্গ পরিষ্কার করা সম্ভব হয়েছে। তবে প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, এসব সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ পথ আরো কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। চলমান খনন ও সংরক্ষণকাজের অগ্রগতি দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেন তুরস্কের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মেহমেত নুরি এরসয়। গত ২০ নভেম্বর পরিদর্শন শেষে তিনি এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
তুরস্কের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মেহমেত নুরি এরসয় বলেন, ইতিহাসের বিভিন্ন সময়েআয়া সোফিয়া নিচে থাকা এই ভূগর্ভস্থ নেটওয়ার্ক পানি সরবরাহ এবং বৃষ্টির পানি নিষ্কাশনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি আরো বলেন, ‘হাজিয়া সোফিয়ার ভূগর্ভস্থ স্থাপনাগুলো উন্মোচনের মাধ্যমে আমরা শুধু এর প্রাচীন অবকাঠামো সম্পর্কেই জানতে পারছি না, বরং ইস্তাম্বুলের ঐতিহাসিক পানি ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কেও আমাদের ধারণা আরো সমৃদ্ধ হচ্ছে।’
ইতিহাসের নতুন স্তর উন্মোচন
এখন পর্যন্তআয়া সোফিয়া নিচে নয়টি সুড়ঙ্গের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত ছয়টি ভূগর্ভস্থ কক্ষের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গটির প্রায় ১৮০ মিটার (প্রায় ৬০০ ফুট) অংশ পরিষ্কার করা হয়েছে।
তুরস্কের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মেহমেত নুরি এরসয়ের ধারণা, এই সুড়ঙ্গের একটি অংশ প্রাচীন রোমান সড়কের সঙ্গে যুক্ত থাকতে পারে। তিনি জানান, পথটি ফাতিহ মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে দর্শনার্থীদের প্রবেশপথের দিকে বিস্তৃত হয়েছে। এটিআয়া সোফিয়া মূল প্রবেশপথের সমান্তরালভাবে চলে গেছে। খননকাজের মাধ্যমে এই পথের প্রকৃত অবস্থান ও ব্যবহার সম্পর্কে আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
হাজিয়া সোফিয়ার ‘উজিরের বাগান’ অংশের নিচে একটি প্রাচীন রোমান সমাধিসৌধের সন্ধান মিলেছে। খননকাজে কাদামাটির পাঁচ ফুট নিচে এর সন্ধান পান গবেষকেরা। ধারণা করা হচ্ছে, এটি বর্তমান ভবনটির চেয়েও পুরনো।
উপযুক্ত ভূগর্ভস্থ স্থানগুলো সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যতে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ইতিহাসবিদ হাসান বারিশ পারতালের মতে, এসব আবিষ্কার প্রাচীন কনস্টান্টিনোপলের উন্নত পানি সরবরাহ ও প্রকৌশলব্যবস্থার গুরুত্বপূর্ণ প্রমাণ।
পার্টাল বলেন, ‘আমার বিশ্বাস, এসব ভূগর্ভস্থ স্থানের ভেতর দিয়ে হাঁটার অভিজ্ঞতা সেন্ট পিটার্স ব্যাসিলিকার নিচে অবস্থিত ভ্যাটিকান গ্রোটোতে নামার মতো হতে পারে। সেখানে অনেক পোপকে সমাহিত করা হয়েছে। ঐতিহাসিক ভূমিকা ভিন্ন হলেও, উভয় স্থানেই একটি বিখ্যাত স্থাপনার নিচে সম্পূর্ণ ভিন্ন এক জগৎ আবিষ্কারের অসাধারণ অভিজ্ঞতা পাওয়া যায়।’
বর্তমান হাগিয়া সোফিয়া সম্রাট প্রথম জাস্টিনিয়ানের নির্দেশে নির্মিত হয়। তখন কনস্টান্টিনোপল ছিল পূর্ব রোমান সাম্রাজ্যের কেন্দ্র। তবে এর আগে একই স্থানে আরো দুটি গির্জা নির্মিত হয়েছিল। সেই গির্জা দুটিও একটি পৌত্তলিক মন্দিরের ওপর তৈরি করা হয়েছিল। ৫৩২ খ্রিস্টাব্দে শুরু হওয়া হাগিয়া সোফিয়ার নির্মাণকাজ শেষ করতে প্রায় পাঁচ বছর সময় লাগে।
এ সময় সম্রাট জাস্টিনিয়ান তার প্রাদেশিক গভর্নরদের নিজ নিজ এলাকার প্রাচীন ধ্বংসাবশেষ থেকে মূল্যবান প্রত্নবস্তু সংগ্রহ করে কনস্টান্টিনোপলে পাঠানোর নির্দেশ দেন। এসব প্রত্নবস্তু হাগিয়া সোফিয়ার নির্মাণে ব্যবহার করা হয়। কথিত আছে, ভবনটি নির্মাণে প্রায় ৭৫ মিলিয়ন ডলার ব্যয় হয়েছিল, যা বর্তমান হিসাবে প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের সমান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন