প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ড শেষে খুলনা বিভাগ শিরোপা জয়ের সমীকরণ অনেকটাই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। ঢাকা বিভাগের বিপক্ষে রানবন্যার ম্যাচটি ড্র করার ফলে তারা ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। শেষ রাউন্ডে ড্র করলেই খুলনা নিশ্চিত করবে রেকর্ড অষ্টম শিরোপা। অন্যদিকে, মিম মোসাদ্দেকের অসাধারণ সেঞ্চুরির মাধ্যমে রংপুর চট্টগ্রামের বিপক্ষে হার এড়িয়েছে। ষষ্ঠ রাউন্ডের বাকি দুই ম্যাচে জয় পেয়েছে সিলেট ও ময়মনসিংহ।
২০১৯-২০ মৌসুমের পর খুলনা আবারও এনসিএল ট্রফি জয়ের অপেক্ষায় রয়েছে। রাজশাহীতে ঢাকার ৫১৩ রানের জবাবে তারা নিজেদের প্রথম ইনিংসে ঠিক ৫১৩ রানেই অলআউট হয়ে যায়। শেষ দিনে শেখ পারভেজ রহমান ৪৬ রান যোগ করেন। পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে আনিসুল ইসলামের ৭৬ ও আশিকুর রহমানের ৫১ রানে দিন পার করে ঢাকা। ছয় ম্যাচে তিন জয় ও তিন ড্রয়ে খুলনার সংগ্রহ ৩১ পয়েন্ট। ২৩ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম দ্বিতীয় স্থানে রয়েছে। ১৯ পয়েন্ট পাওয়া ঢাকা শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে।
রংপুরের মাঠে মিম মোসাদ্দেক ব্যাট হাতে প্রতিরোধ গড়েন। ৩১৭ বলের ইনিংসে ১৪৫ রান করে তিনি দলকে ইনিংস পরাজয়ের শঙ্কা থেকে মুক্ত করেন। ষষ্ঠ উইকেটে শিহাব জেমসের সঙ্গে ১১৪ রানের জুটি গড়েন। শিহাবের ব্যাট থেকে আসে ৫২ রান। এবারের লিগে মিম ছয় ম্যাচেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার বিরল কীর্তি গড়েছেন। তাঁর মোট রান এখন ৭২৭।
রংপুরের ইনিংসে আবদুল্লাহ আল মামুনের আউটও আলোচনার জন্ম দেয়। হাসান মুরাদের বল ঠেকানোর পর পিচ থেকে হাত দিয়ে বল সরাতে গিয়ে তিনি ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হন। প্রথম শ্রেণির ক্রিকেটে এমন আউট হওয়া তৃতীয় বাংলাদেশি ব্যাটার মামুন। এর আগে মুশফিকুর রহিম ও মার্শাল আইয়ুব এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। ড্রয়ের ফলে চট্টগ্রামের প্রথম শিরোপার স্বপ্ন কঠিন হয়ে পড়েছে। শেষ ম্যাচে বোনাস পয়েন্টসহ জয়ের পাশাপাশি তাদের খুলনার বড় হারের দিকে তাকিয়ে থাকতে হবে।
এদিকে, বগুড়ায় রাজশাহীকে ২৯৭ রানে হারিয়েছে সিলেট। ৪৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহী দ্বিতীয় ইনিংসে ১৬৫ রানেই গুটিয়ে যায়। মেহেরব হোসেন সর্বোচ্চ ৯১ রান করেন। সিলেটের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ৭২ রান দিয়ে ৫ উইকেট নেন। এটি তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫তম পাঁচ উইকেটের ইনিংস এবং ক্যারিয়ারের তৃতীয় ১০ উইকেটের ম্যাচ। জয়ের ফলে সিলেট ২২ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে।
অন্যদিকে, জাওয়াদ আবরারের প্রথম শ্রেণির ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও বরিশালকে হার থেকে বাঁচাতে পারেনি। ২৪৪ বলে ১০৮ রান করেন এই তরুণ ওপেনার। মোহাম্মদ আবদুল্লাহর ব্যাট থেকে আসে ৫২ রান। তবুও, শেষ ইনিংসে ময়মনসিংহের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ২৭। সহজেই তা পেরিয়ে ছয় ম্যাচে প্রথম জয়ের দেখা পায় তারা। ১৭ পয়েন্ট নিয়ে ময়মনসিংহ পাঁচে উঠে এসেছে; বরিশাল মাত্র ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন