প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ও ইন্দোনেশিয়া স্বাস্থ্য খাতে টেকসই অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলার, চিকিৎসাব্যয় কমানোর এবং দরিদ্র ও প্রান্তিক জনগণের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে। এই উদ্দেশ্যে দুই দেশের মধ্যে স্বাস্থ্য অর্থায়ন, নীতিগত সংস্কার এবং কারিগরি দক্ষতা বিনিময়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে অনলাইন প্ল্যাটফর্মে স্বাস্থ্য খাতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী ড. বুদি জি. সাদিকিন। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা ড. প্রাস্তুতি সোয়েওন্দো, পরিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক উইসনু ত্রিয়াঙ্গোনো, স্বাস্থ্য অর্থনীতি বিভাগের প্রধান বায়ু তেজা কেসেহাতান, ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশের পক্ষ থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. জিন্নাত রেহানা, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক দিল আফরোজ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা স্বাস্থ্য খাতের অগ্রাধিকার, বিদ্যমান চ্যালেঞ্জ এবং স্বাস্থ্যব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা করেন। টেকসই স্বাস্থ্য অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা, চিকিৎসাব্যয়ের কারণে পরিবারের আর্থিক বিপর্যয় ঠেকানো, ব্যক্তিগত খরচ কমানো এবং সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কার্যকর কৌশল প্রণয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের স্বাস্থ্য খাত সংস্কারের অগ্রাধিকার তুলে ধরেন। তিনি একটি টেকসই, ন্যায়সংগত ও জনবান্ধব স্বাস্থ্য অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন যে, অর্থের অভাবে কোনো নাগরিক যেন প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন এবং চিকিৎসার ব্যয় মেটাতে কোনো পরিবার যেন দারিদ্র্যের কবলে না পড়ে, সেই জন্য কার্যকর আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে।
বৈঠকে ইন্দোনেশিয়ার জাতীয় স্বাস্থ্যবিমা কর্মসূচি, স্বাস্থ্য অর্থায়ন কাঠামো এবং দরিদ্র ও নিম্ন আয়ের জনগণের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশটির সফল উদ্যোগ ও কার্যকর পদ্ধতি কাজে লাগানোর সম্ভাবনা খতিয়ে দেখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া দুই দেশের মধ্যে ধারাবাহিক ও কাঠামোবদ্ধভাবে জ্ঞান, অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা বিনিময়ের প্রক্রিয়া শুরুর বিষয়েও আলোচনা হয়। এর আওতায় স্বাস্থ্য খাতের সফল উদ্যোগ, নীতিগত সংস্কার, উদ্ভাবনী অর্থায়ন কৌশল এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে পারস্পরিক অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।
ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী দুই দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে সহযোগিতা জোরদার এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে আগ্রহ ও অঙ্গীকার ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার এই উচ্চপর্যায়ের বৈঠক স্বাস্থ্য খাতে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সংগত ও আর্থিকভাবে টেকসই স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন