প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : রাজধানীর ওয়ারী এলাকায় এক নারীকে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় মোবারক হোসেন মোহন (৫০) নামের এক ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অর্থদণ্ডের অনাদায়ে তাকে আরও এক মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।
আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুনতাসির আহমেদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী ফোরকান মিয়া বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, মোবারক হোসেন মোহন ভুক্তভোগীর চাচাতো ননদের জামাই। তারা ওয়ারীর ভজহরি সাহা স্ট্রিট এলাকায় একই বাসার বিভিন্ন রুমে বসবাস করতেন। মোবারক হোসেন বিভিন্ন সময় ওই নারীকে খারাপ প্রস্তাবসহ বিভিন্ন অঙ্গভঙ্গি করতেন। তিনি বিষয়টি তার স্বামীকে জানান। তবে লোকলজ্জার ভয়ে তার স্বামী বিষয়টি কারও কাছে প্রকাশ করতে পারেননি।
২০১৭ সালের ২০ আগস্ট রাত পৌনে ৯টার দিকে বাসার রান্নাঘরের পাশে পেছন থেকে জাপটে ধরে ওই নারীকে যৌন হয়রানি করেন মোবারক। এ ঘটনায় ওই নারী একই দিন ওয়ারী থানায় মামলা করেন।
তদন্ত শেষে একই বছরের ৩০ সেপ্টেম্বর মোবারক হোসেন মোহনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
২০১৯ সালের ১ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে ১২ জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন