প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী মহানগরীতে পৃথক অভিযান পরিচালনা করে হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং নগদ অর্থ সহ ছয়জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), বিভিন্ন থানা এবং পুলিশ ফাঁড়ির পুলিশ। এই অভিযানে পাঁচজনকে মাদক কারবারের অভিযোগে এবং একজনকে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়। এছাড়াও একই সময়ে পুলিশের অন্যান্য অভিযানে বিভিন্ন অপরাধের জন্য আরও ২৪ জনকে আটক করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে বোয়ালিয়া থানার উপশহর পুলিশ ফাঁড়ি বিন্দুর মোড় এলাকা থেকে ২ গ্রাম হেরোইনসহ ওবায়দুল হোসেনকে (৪০) গ্রেফতার করা হয়। একই রাতে শিল্পনগরী পুলিশ ফাঁড়ির পরিচালিত পৃথক অভিযানে মালদা কলোনী ও মধুরডাঙ্গা শিল্পীপাড়া এলাকা থেকে ৮ পিস ও ৫ পিস ট্যাপেন্টাডলসহ রিফাত (২০) এবং আরিফ হোসেন ডলার (৩৭) গ্রেফতার হন।
এ ছাড়া, কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি গোলজারবাগ গুড়িপাড়া এলাকা থেকে ৪ গ্রাম হেরোইনসহ রাজুকে (৫৫) এবং দক্ষিণ বালিয়া এলাকা থেকে ২ গ্রাম হেরোইনসহ মুন্নাকে (২৯) গ্রেফতার করা হয়। রাজুকে গ্রেফতার করার সময় তার সহযোগী আলম মিয়া (৫৮) পালিয়ে যায়।
চন্দ্রিমা থানা পুলিশ ললিতাহার উত্তরপাড়া এলাকা থেকে ৩৫ পিস ট্যাপেন্টাডল ও মাদক বিক্রির ৫ হাজার ১৫০ টাকা সহ ইনসার আলীকে (৪৯) গ্রেফতার করে। এছাড়া কর্ণহার থানা পুলিশ কুপেরহাট এলাকা থেকে বাবলু ওরফে বাবুকে (৪৩) মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আলম মিয়াকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে।
এদিকে, আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে আরও ২৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত পাঁচজন, মাদক মামলায় সাতজন এবং অন্যান্য মামলায় ১২ জন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন