প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)।
সোমবার বিকেল সাড়ে ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকরা অংশ নেন।
সমাবেশে জানানো হয়, গত রোববার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানা-পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে সংবাদ সংগ্রহের সময় তিন সাংবাদিক হামলার শিকার হন। আহতরা হলেন—দৈনিক প্রতিদিনের বাংলাদেশের জহিরুল ইসলাম, দৈনিক আগামীর সময়ের সিয়াম হোসেন গাজী এবং ফ্রিল্যান্স সাংবাদিক তোফায়েল আহমেদ। পরে তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
সমাবেশে এমআরইউ সভাপতি শাহরিয়ার নাঈম বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও সংবাদ সংগ্রহের পরিবেশের ওপর আঘাত। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এমআরইউর প্রচার সম্পাদক মো. ইসমাইল হোসেনও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এর আগে ২৭ সেপ্টেম্বর রাতে হামলার প্রতিবাদে তাৎক্ষণিক সমাবেশ থেকে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানায় সংগঠনটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন