প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুর পৌরসভার রাণীগঞ্জ বাজার এলাকার যৌনপল্লীতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান চালিয়ে ১ কেজি ৫৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিট থেকে সাড়ে ৯টা পর্যন্ত রাণীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন, জেলা পুলিশ, এসআরবি, ব্যাটালিয়ন আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাণীগঞ্জ বাজার এলাকার মমতা (৫০) এবং রশিদপুর এলাকার মফিজ উদ্দিন (৫০)। অভিযানে মমতার কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম এবং মফিজ উদ্দিনের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মমতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড এবং মফিজ উদ্দিনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুরের তথ্য অনুযায়ী, অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন