প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ব্যাংক হঠাৎ করে দেশের সব ব্যাংককে সতর্ক করেছে।
গ্রাহকদের দেওয়া আমানতের সুদ বা মুনাফার বিপরীতে নির্ধারিত হারে উৎসে কর (টিডিএস) কাটা সংক্রান্ত বিষয়ে সতর্কতা দেওয়া হয়েছে। একইসঙ্গে, কাটা কর নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ সোমবার (১০ আগস্ট) একটি সার্কুলার জারি করে।
সার্কুলারে বলা হয়েছে, সম্প্রতি কয়েকটি ব্যাংকে আমানতের সুদ বা মুনাফা পরিশোধের সময় সঠিক হারে উৎসে কর কর্তন করা হয়নি এবং তা যথাসময়ে সরকারি কোষাগারে জমা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও ত্রুটি ধরা পড়েছে। এতে পরবর্তীতে কর সমন্বয় ও নিরীক্ষার সময় জটিলতা তৈরি হচ্ছে। একই সময়ে, নির্ধারিত হারে কর না কাটার কারণে সরকারও রাজস্ব হারাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ১০২ ধারা অনুযায়ী, সঞ্চয়ী, স্থায়ী, মেয়াদি কিংবা অন্য যে কোনো ধরনের আমানতের বিপরীতে পরিশোধিত সুদ বা মুনাফা থেকে গ্রাহকদের ধরন অনুযায়ী প্রযোজ্য হারে উৎসে কর কাটতে হবে। অতিরিক্তভাবে, আয়কর আইন, ২০২৩-এর ১৪২ ধারা অনুযায়ী, যদি কোনো গ্রাহক রিটার্ন দাখিলের প্রমাণপত্র বা পিএসআর (প্রুফ অব সাবমিশন অব রিটার্ন) দিতে ব্যর্থ হন, তাহলে স্বাভাবিক হারের চেয়ে ৫০ শতাংশ বেশি হারে উৎসে কর কর্তন বা সংগ্রহ করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলারে উৎসে কর সরকারি কোষাগারে জমা দেওয়ার সময়সীমা স্পষ্ট করা হয়েছে। উৎসে কর বিধিমালা, ২০২৩ অনুসারে, জুলাই থেকে মে মাস পর্যন্ত কোনো মাসে কর কাটা হলে ওই মাস শেষ হওয়ার পরবর্তী দুই সপ্তাহের মধ্যে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে।
জুন মাসের ১ থেকে ২০ তারিখের মধ্যে কর কর্তন করা হলে সার্ভার পরবর্তী সাত দিনের মধ্যে তা জমা দেওয়া হবে। আর ২১ তারিখ থেকে মাসের শেষ দিন পর্যন্ত কর কাটা হলে পরের দিনই সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কর্তৃক কাটা উৎসে কর নির্ধারিত সময়ের পর জেনারেল লেজার বা অন্য কোনো হিসাবের মধ্যে আটকে রাখা যাবে না। সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়ার জন্য সময়সীমার মধ্যে কাজ করতে হবে।
এছাড়াও, উৎসে কর কর্তনের সব তথ্য যথাযথভাবে সংরক্ষণ, প্রয়োজনীয় বিবরণী প্রস্তুত এবং চালানের কপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল নিশ্চিত করার ব্যাপারে নির্দেশনা রয়েছে।
সার্কুলারে আরও বলা হয়েছে, উৎসে কর কর্তন ও সরকারি কোষাগারে জমা দেওয়ার ক্ষেত্রে আয়কর আইন, ২০২৩ এবং উৎসে কর বিধিমালা, ২০২৩-এর অন্যান্য প্রযোজ্য বিধানও যথাযথভাবে অনুসরণ করতে হবে।
ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক এই নির্দেশনা জারি করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন