প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের চাঞ্চল্যকর দুই হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, যিনি ডেভিড ইমন নামেও পরিচিত, তাকে আলাদাভাবে মোট সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর মধ্যে নগরীর বায়েজিদে সন্ত্রাসী সরোয়ার বাবলা হত্যা মামলায় দুই দিনের রিমান্ড এবং বাকলিয়ায় প্রাইভেট কারে গুলি করে জোড়া খুনের মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আলাউদ্দিন মাহমুদ ও মো. আলমগীর হোসেনের আদালত পৃথক শুনানি শেষে এ আদেশ প্রদান করেন।
আদালত সূত্র জানায়, বুধবার সকালে কঠোর নিরাপত্তার মধ্যে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তারা আলাদাভাবে রিমান্ডের আবেদন করেন। আদালত রিমান্ড শুনানি গ্রহণ করে। রিমান্ড শুনানির পর বাকলিয়া থানার জোড়া খুনের মামলায় পাঁচ দিন এবং বায়েজিদ বোস্তামী থানার মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী জানান, ডেভিড ইমনকে দুই মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ৫ নভেম্বরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার হাজীপাড়া এলাকায় চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এরশাদ উল্লাহর নির্বাচনি জনসংযোগে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হন এবং সঙ্গে থাকা সরোয়ার হোসেন বাবলাকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় করা মামলায় ডেভিড ইমন অন্যতম এজাহারভুক্ত আসামি।
গত বছরের ৩০ মার্চ বাকলিয়ার অ্যাক্সেস রোডে জোড়া খুনের ঘটনাটি ঘটে। ওই দিন একটি ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। গুলিতে বখতিয়ার হোসেন মানিক ও আবদুল্লাহ আল রিফাত নিহত হন এবং আরও দুজন আহত হন।
উল্লেখ্য, গত ২৯ জুলাই যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে তিন সহযোগীসহ ডেভিড ইমনকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন