প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বুলগেরিয়ায় ঘন কুয়াশার কারণে মহাসড়কে পৃথক দুটি ঘটনায় অন্তত ৫০টি যানবাহনের মধ্যে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন এবং প্রায় ৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের ইয়ামবোল শহরের নিকটবর্তী ট্রাকিয়া মহাসড়কে এসব দুর্ঘটনা সংঘটিত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ঘন কুয়াশার ফলে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনাগুলো ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুর্ঘটনাগুলোর একটি ঘটেছে বুর্গাসগামী লেনের ২৮৯তম কিলোমিটারে।
অন্য দুর্ঘটনাটি ঘটে মহাসড়কের ২৯৪তম কিলোমিটারে, জিমনিৎসা সংযোগস্থলের আগে সোফিয়াগামী লেনে। খবর পেয়ে পুলিশ, দমকলকর্মী ও অ্যাম্বুল্যান্স কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে অসংখ্য গাড়ি ও ট্রাক আটকে থাকতে দেখা যায়।
দুর্ঘটনায় অনেক যানবাহন উল্টে যায়। বেশ কিছু গাড়ি দুমড়েমুচড়ে যায় এবং কয়েকটি রাস্তা থেকে ছিটকে পাশে পড়ে যায়। আহতদের সিলভেন, ইয়ামবোল ও বুর্গাসের আঞ্চলিক হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনাকবলিত কিছু গাড়ির ভেতরে এখনো মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ইয়ামবোল আঞ্চলিক পুলিশ বিভাগের প্রধান পরিদর্শক তোদর মিশিনেভ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার হলো উদ্ধারকাজ। উদ্ধারকাজ শেষ হলে পরবর্তী আইনি ও তদন্তমূলক কার্যক্রম শুরু হবে।’
ভয়াবহ এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে বুলগেরিয়ার তৃতীয় বৃহত্তম শহর ভার্নায় পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করেছেন দেশটির প্রেসিডেন্ট রুমেন রাদেভ। এর আগে তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে বৈঠক করেন। মঙ্গলবারের নির্ধারিত মন্ত্রিসভার বৈঠকও বাতিল করা হয়েছে।
দেশটির মন্ত্রিসভার তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সোফিয়ার হাসপাতালগুলোতে নেওয়ার প্রস্তুতি হিসেবে প্রেসিডেন্ট রুমেন রাদেভ সরকারি বিমানটি বুর্গাসে পাঠিয়েছেন। এ ছাড়া ‘স্পার্টান’ সামরিক পরিবহন বিমানের মাধ্যমে আহতদের সোফিয়ার বিভিন্ন হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
দুটি দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতদের স্মরণে শোক ও শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন বার্তা প্রকাশ করা হচ্ছে। ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্তা মেটসোলা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘ট্রাকিয়া মহাসড়কের মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’ পাশাপাশি দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে নিয়োজিত উদ্ধারকর্মী ও চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মেটসোলা বলেন, এই কঠিন সময়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার পাশে রয়েছে তাদের সহমর্মিতা।
উল্লেখ্য, ইয়ামবোল শহরটি বুলগেরিয়ার রাজধানী সোফিয়া থেকে প্রায় ১৮৫ মাইল দূরে এবং তুরস্ক সীমান্ত থেকে প্রায় ৩১ মাইল উত্তরে অবস্থিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন