প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার মন্তব্য করেছেন যে, যারা দাড়ি-টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দিয়ে নির্যাতন করেছে এবং আলেম-ওলামা ও ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়েছে, সেই ফ্যাসিস্ট-মাফিয়া অপশক্তি দেশ থেকে পালালেও আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।
তিনি উল্লেখ করেন, দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে সেই অপশক্তির যেকোনো অপতৎপরতা রুখে দেবে। আলেম-ওলামা, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে নিয়ে আবারও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের পটিয়ার ঐতিহ্যবাহী আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, "দাড়ি-টুপি দেখলেই যারা জঙ্গি ট্যাগ দিয়ে নির্যাতন করেছে, সেই ফ্যাসিস্ট-মাফিয়া অপশক্তি দেশে টিকতে পারেনি, তারা পালিয়েছে। কিন্তু তারা আবারও মাথাচাড়া দেওয়ার পাঁয়তারা করছে এবং নানা ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। আমরা বিশ্বাস করি, যেভাবে সারা দেশের আপামর জনসাধারণ, আলেম-ওলামা, শিক্ষার্থী, ছাত্র-শিক্ষক ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছিল, সেভাবেই আবারও তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।"
তিনি আরো বলেন, যারা আলেম-ওলামাদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে এবং যারা ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, তাদের এ দেশের জনগণ কোনো দিন মেনে নেবে না।
পটিয়া মাদরাসার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এ প্রতিষ্ঠান প্রায় ৮৮ বছরের ঐতিহ্য ধারণ করে এবং এটি শুধু একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বাংলাদেশের ইতিহাসেরও গুরুত্বপূর্ণ অংশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে এ মাদরাসার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর তিনি এখানে অবস্থান করেছিলেন বলে ইতিহাস থেকে জানা যায়। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় এ মাদরাসায় বোমা হামলার ঘটনাও ঘটেছিল এবং প্রাণহানির ইতিহাস রয়েছে।
তিনি বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় হেফাজতে ইসলামের আন্দোলনেও পটিয়া মাদরাসার ভূমিকা ছিল। ওই সময় মাদরাসা সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর নির্যাতন-নিপীড়নের ঘটনাও ঘটেছে। সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানেও এ মাদরাসার ছাত্র-শিক্ষকদের যথেষ্ট ত্যাগ রয়েছে। অনেকে চোখ হারিয়েছেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, এমন একটি ঐতিহাসিক প্রতিষ্ঠানের ৮৭তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে অংশ নিতে পেরে তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। এখানে আলেম-ওলামাদের সান্নিধ্যে দ্বীনি নসিহত গ্রহণ এবং মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ আদায়ের সুযোগ পাওয়াকে সৌভাগ্যের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।
সরকারের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভঙ্গুর রাষ্ট্রকে পুনর্গঠনে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী দুর্বার গতিতে এগিয়ে চলেছেন। সবার সহযোগিতায় তিনি দেশকে সংকট থেকে উত্তরণ ঘটাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন