প্রিন্ট এর তারিখঃ ১৪ই নভেম্বর, ২০২৬ইং; ০৭:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ১৪ই নভেম্বর, ২০২৬ইং; ০৬:৫৪ পি.এম
বাকৃবিতে বহিরাগত দুই মিশুক চালকের হাতাহাতি, ছিনতাইয়ের অভিযোগ
দুই বহিরাগত মিশুক চালকের হাতাহাতি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে সমাধান
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মিশুকের কাগজপত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করে দুই চালকের মধ্যে বাগ্বিতণ্ডা, উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় এক চালক অপর চালকের মিশুক ছিনতাইয়ের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কে.আর. মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থল থেকে উভয় চালককে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পে নিয়ে যান।
ঘটনায় জড়িত দুই চালক হলেন মো. জুয়েল মিয়া ও মো. জামাল মিয়া। জুয়েল মিশুক চালক। অন্যদিকে, জামাল বিশ্ববিদ্যালয় এলাকার ২২ নম্বর ওয়ার্ডের বাকৃবি শেষ মোড় এলাকার বাসিন্দা।
জানা যায়, কেওয়াটখালী রেলগেট এলাকা থেকে জামাল, জুয়েলের মিশুকটি অনুসরণ করতে থাকেন। মিশুকটি চুরি করা হতে পারে এ সন্দেহ থেকেই তিনি জুয়েলের কাছে গাড়ির কাগজপত্র দেখতে চান। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের কে.আর. বাজার এলাকায় জুয়েলের পথ আটকে কাগজপত্র দেখাতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়, যা পরে উত্তেজনা ও হাতাহাতিতে রূপ নেয়।
তবে জুয়েল মিয়া বলেন, জামাল কেওয়াটখালী থেকে তাঁকে অনুসরণ করে এসে পরিকল্পিতভাবে তাঁর মিশুকের পথ আটকে দেন। একপর্যায়ে তাঁকে আটক করে মারধরের চেষ্টা করেন। এ সময় জামাল তাঁর মিশুকটি ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন বলেও দাবি করেন জুয়েল।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে। যাচাই-বাছাইয়ে জুয়েলের মিশুকটি তাঁর নিজের এবং গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সঠিক রয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।
অন্যদিকে, জামাল যে অটোরিকশাটি চালান, সেটি তাঁর নিজের নয়; তিনি ভাড়ায় গাড়িটি চালান বলে জানা যায়। পরে অটোরিকশাটির প্রকৃত মালিককে ডেকে আনা হয়। তাঁর জিম্মায় জামালকে ছেড়ে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার শর্তে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। একই সঙ্গে গাড়িটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ রানা বলেন, “অটোরিকশাটির প্রকৃত মালিক কে, তা নিশ্চিত করে ভাড়ায় চালিত গাড়িটির চালককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গাড়ির মালিকের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"