প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রথমবারের মতো অক্টোবর মাসজুড়ে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে, যা পুঁজিবাজারের প্রযুক্তিনির্ভর কার্যক্রমে সাইবার নিরাপত্তা জোরদার করার উদ্দেশ্যে। এই কর্মসূচির আওতায় কর্মকর্তা-কর্মচারী ও ট্রেকহোল্ডারদের জন্য সচেতনতামূলক প্রচার, অনলাইন প্রশিক্ষণ, কুইজ প্রতিযোগিতা এবং সফল অংশগ্রহণকারীদের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (১১ অক্টোবর) এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে গৃহীত এই কর্মসূচির মূল লক্ষ্য হলো ডিএসইর কর্মকর্তা-কর্মচারী ও ট্রেকহোল্ডারদের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা, অনলাইন প্রতারণা সম্পর্কে সতর্কতা তৈরি করা এবং নিরাপদ ডিজিটাল কার্যক্রমে উৎসাহিত করা। একই সঙ্গে সাইবার ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট সবার মধ্যে দায়িত্বশীল আচরণ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
কর্মসূচির অংশ হিসেবে ডিএসই প্রাঙ্গণে সাইবার নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক ফেস্টুন ও ব্যানার প্রদর্শন করা হয়েছে। কর্মকর্তাদের কম্পিউটারে সচেতনতামূলক ডেস্কটপ ওয়ালপেপার ব্যবহারের উদ্যোগও নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে সন্দেহজনক ই-মেইল, ক্ষতিকর লিংক এবং সম্ভাব্য সাইবার ঝুঁকি শনাক্ত ও মোকাবিলায় সংশ্লিষ্টদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
ডিএসই ট্রেকহোল্ডারদের জন্য অনলাইনভিত্তিক প্রশিক্ষণের আয়োজন করেছে। জুম প্ল্যাটফর্মে বিভিন্ন দলে ভাগ করে এসব প্রশিক্ষণ সেশন পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে পুঁজিবাজারের লেনদেন ও অন্যান্য প্রযুক্তিনির্ভর কার্যক্রমের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সাইবার নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া ট্রেকহোল্ডারদের সাইবার নিরাপত্তাবিষয়ক জ্ঞান যাচাই এবং এ বিষয়ে তাঁদের আগ্রহ বাড়াতে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগীদের উত্তর মূল্যায়ন করে বিজয়ীদের নির্বাচন করা হবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে সাইবার নিরাপত্তা সচেতনতা কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী ট্রেকহোল্ডারদের স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। ডিএসইর নিয়মিত ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে নির্বাচিত সেরা পারফরম্যান্সকারী ট্রেকহোল্ডারদের স্বীকৃতি ও সনদ দেওয়া হবে। এর মাধ্যমে পুঁজিবাজারের অংশীজনদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগে আরও সক্রিয়ভাবে যুক্ত করতে চায় প্রতিষ্ঠানটি।
ডিএসইর সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বয়ে মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে তথ্যপ্রযুক্তি নিরাপত্তা বিভাগ কর্মসূচির পরিকল্পনা, সচেতনতামূলক উপকরণ তৈরি, প্রশিক্ষণ সেশন পরিচালনা এবং কুইজ প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পালন করছে। এ ছাড়া আইটি অবকাঠামো, নেটওয়ার্ক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগ এবং ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করছে।
ডিএসই মনে করে, পুঁজিবাজারের প্রযুক্তিনির্ভর কার্যক্রম নিরাপদ রাখতে শুধু প্রযুক্তিগত সুরক্ষাব্যবস্থা যথেষ্ট নয়; সংশ্লিষ্ট সবার সচেতনতা ও দায়িত্বশীল আচরণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দেহজনক অনলাইন কার্যক্রম শনাক্ত করা, ক্ষতিকর লিংক এড়িয়ে চলা এবং সম্ভাব্য সাইবার ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকার মাধ্যমে নিরাপত্তাঝুঁকি কমানো সম্ভব।
প্রতিষ্ঠানটির মতে, মাসব্যাপী এ সমন্বিত উদ্যোগ ডিএসই ও এর অংশীজনদের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা জোরদার করবে। একই সঙ্গে পুঁজিবাজারের প্রযুক্তিনির্ভর কার্যক্রমকে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য করে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন