প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খেলাফত মজলিস অভিযোগ করেছে যে, ভারতের সহায়তায় দেশে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। দলের নেতারা উল্লেখ করেছেন, জনগণ খুনি-ফ্যাসিস্টদের দণ্ড দ্রুত কার্যকর দেখতে চায়। পাশাপাশি অবশিষ্ট খুনিদের বিচারপ্রক্রিয়াও ত্বরান্বিত করার প্রয়োজনীয়তা রয়েছে।
বুধবার রাতে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতাদের এসব বক্তব্য উঠে আসে। বৃহস্পতিবার দলের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের সিদ্ধান্ত ও বক্তব্য প্রকাশ করা হয়।
বৈঠকে নেতারা জানান, সম্প্রতি ভারতের ক্ষমতাসীন বিজেপির অন্তত ছয়জন নেতা বাংলাদেশ দখল, আক্রমণ ও যুদ্ধ ঘোষণার মতো উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব বক্তব্যের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানান।
নেতারা আরও বলেন, ভারতের সহায়তায় পতিত আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় নাশকতা শুরু করেছে। গোপালগঞ্জে ব্যাপক ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও নড়াইলে হত্যাকাণ্ডের পর এখন রাজধানীকেন্দ্রিক তাদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিদেশে পলাতক দণ্ডপ্রাপ্ত নেতাদের ইন্ধনে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা সফল হবে না।
বৈঠকে খেলাফত মজলিস নেতারা বলেন, নাশকতা ও অরাজকতা সৃষ্টিকারী পতিত ফ্যাসিবাদী অপশক্তি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের অন্তরায় সৃষ্টি করে, এমন কর্মকাণ্ড থেকে সরকারকে বিরত থাকতে হবে।
তারা জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ, জননিরাপত্তা প্রতিষ্ঠা এবং বিদ্যুৎ, গ্যাস সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান।
বৈঠকে সভাপতিত্ব করেন দলের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী। এতে মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন