প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার মনোহরগঞ্জে এক নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবকের ওপর হামলার ঘটনা ঘটার পর দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, সড়ক অবরোধ এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে মনোহরগঞ্জ উপজেলার হাতীমারা ও নাঙ্গলকোট উপজেলার পুজকরা গ্রামের বাসিন্দাদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষের ফলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ এবং স্থানীয় সূত্র অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া স্টেশন বাজারে পুজকরা গ্রামের রিকশাচালক জাহাঙ্গীর হোসেন (৩৫) হাতীমারা গ্রামের এক নারীকে উত্ত্যক্ত করেন বলে অভিযোগ ওঠে। এরপর ওই নারীর স্বামী জাহাঙ্গীরকে মারধর করেন। এই ঘটনার পর বৃহস্পতিবার সকালে হাতীমারা ও পুজকরা গ্রামের লোকজন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দুই পাশে অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরের দিকে দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে।
এই সংঘর্ষে হাতীমারা গ্রামের পারভেজ, শামীম, রাজু ও খলিল এবং পুজকরা গ্রামের রাকীবসহ অন্তত ১৫ জন আহত হন। এ সময় উত্তেজিত জনতা বিভিন্ন দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়, যার ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে বিকেল ৩টার দিকে লাকসাম ও চৌদ্দগ্রাম সার্কেল, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, লাকসাম ও চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করা হয়।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহাম্মদ এ বিষয়ে বলেন, ‘দুই গ্রামবাসীর সংঘর্ষ এবং সড়কে যান চলাচল বন্ধ থাকার খবর পেয়ে মনোহরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে লাকসাম ও চৌদ্দগ্রাম সার্কেল, সংশ্লিষ্ট থানাগুলোর পুলিশ এবং কুমিল্লা পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।’
তিনি আরও জানান, ‘এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন