প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বান্দরবানে বাংলাদেশ, মিয়ানমার এবং ভারত মিজোরামের ত্রি পিলার শূন্য সীমা রেখায় সন্দেহজনক হিসেবে আটজন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (রুমা ব্যাটালিয়নের ৯ বিজিবি)। তাদের মধ্যে স্থানীয় ম্রো সম্প্রদায়ের দুই সদস্যও রয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার দোপানীছড়া বিওপি এলাকার ত্রিদেশীয় পিলার সীমান্তবর্তী স্থান থেকে আটক করা হয়। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে লে. কর্নেল মো. হাসান শাহরিয়া, রুমা ব্যাটালিয়ন ৯ বিজিবির অধিনায়ক, বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতদের মধ্যে রয়েছেন- ঝিনাইদহ জেলার মো. আব্দুল আহাদ (২২), বরগুনার মো. হাসান ছিহাব (২৮), ঢাকার মো. নাহিদ হাসান আশিক (৩৩), ঢাকার এস ইসলাম সোহেল (৩৮), ভোলার মো. হোসেন শরিফ (২৯), চট্টগ্রামের মো. মিনহাজুর রহমান সানি (২৬) এবং বান্দরবানের স্থানীয় ম্রো সম্প্রদায়ের রাংও মুরুং (২৫) ও উনরয় মুরুং (৩০)।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৫ নভেম্বর স্থানীয় ম্রো সম্প্রদায়ের দুই যুবকের মাধ্যমে ৬ জনের একটি দল থানচি হয়ে ত্রি-পিলার সীমানায় প্রবেশ করে। পরে তারা বাংলাদেশ সীমানা অতিক্রম করে ত্রিসীমানায় জিরো লাইনে ঢুকে পড়ে। খবর পেয়ে রুমার ৯ বিজিবির সদস্যরা তাদেরকে ৬৩/৬৪ সীমান্ত পিলারের শূন্যরেখা থেকে আটক করে ক্যাম্পে নিয়ে যান। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ছুড়ি, তাঁবু, শুকনা খাবারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
তবে আটককৃতদের সেখানে যাওয়ার কারণ ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। লে. কর্নেল মো. হাসান শাহরিয়া জানান, তদন্ত শেষে বিষয়টি পরিষ্কার হবে।
তিনি আরও বলেন, বৈধ পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট ছাড়া আন্তর্জাতিক সীমান্তের কাছে সন্দেহজনক অবস্থানে থাকার কারণে তাদের পাসপোর্ট আইন অনুযায়ী আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাদের পুলিশে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি অবৈধ সীমান্ত লঙ্ঘন ও সীমান্ত অপরাধ প্রতিরোধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন