প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি আরবে একটি দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় আনোয়ার হোসেন (৩৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে সৌদি আরবের আছির প্রদেশের রাজধানী আবাহ শহরে। পরিবার সূত্রে এই তথ্য জানা গেছে।
নিহত আনোয়ার হোসেন ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের বেইলা গ্রামের আব্দুল হকের পুত্র। পরিবারের সদস্যদের মতে, জীবিকার খোঁজে আনোয়ার দুই বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন। বৃহস্পতিবার কর্মস্থল থেকে ফেরার সময় একটি দ্রুতগতির প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দেয়, যার ফলে তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আবাহ শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর শুনে পরিবারের সদস্যরা আহাজারি শুরু করেন। তারা তাদের একমাত্র উপার্জনক্ষম সদস্য ও সন্তানকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন।
নিহতের বড় ভাই সানোয়ার হোসেন জানান, আনোয়ার তিন ভাইয়ের মধ্যে মেজো ছিলেন। ব্যবসায় লোকসান ও ঋণের চাপের কারণে তিনি সৌদি আরবে পাড়ি জমান। পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে গিয়ে এখন তিনি লাশ হয়ে ফিরলেন।
সাগরদিঘী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বলেন, নিহত আনোয়ার বিএনপির একজন নিবেদিত কর্মী ছিলেন। তিনি দুঃসময়ে ছাত্রদল ও যুবদলের সঙ্গে যুক্ত থেকে কার্যক্রম চালিয়ে গেছেন। এমন একজন তরতাজা যুবকের আকস্মিক মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর।
তিনি আরও বলেন, বর্তমানে আনোয়ারের লাশ সৌদি আরবের একটি হাসপাতালে রাখা হয়েছে বলে নিহতের বন্ধুরা জানিয়েছেন। লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন