প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
একটি ফোনালাপের অডিও রেকর্ড প্রকাশ এবং তর্কবিতর্ককে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলায় হামলার শিকার হয়েছেন জেলা ছাত্রদলের সহসভাপতি মনজুরুল আলম বাপ্পীসহ দলের ১০ জন নেতাকর্মী।
ঘটনাটি ঘটেছে শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঘোনা এলাকায়।
হামলায় গুরুতর আহতদের পরে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এই ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুজনকে পুলিশ আটক করেছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত নেতাকর্মীদের মধ্যে রয়েছে—ঘোনা গ্রামের বকুল হায়দারের ছেলে জেলা ছাত্রদলের সহসভাপতি মনজুরুল আলম বাপ্পী, তার বড় ভাই রাজিব হোসেন, একই গ্রামের আব্দুর রকিব, বকুল হায়দার, জাহিদ হাসান, ছাত্রদল নেতা আব্দুস সালাম, তহিদুল হোসেন এবং মাহামুদুল হাসানসহ আরও কয়েকজন।
আহত ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পী অভিযোগ করেছেন, শনিবার রাতে ঘোনা এলাকার ছাত্রলীগ নেতা নাজমুল হাসানের একটি কল রেকর্ড তাদের হাতে আসে। ওই রেকর্ডে বিএনপির এক জ্যেষ্ঠ নেতা এবং ছাত্রদলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। বিষয়টি জানতে ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেন নাজমুলের কাছে গেলে তাকে আটকে রাখা হয়।
বাপ্পী আরো জানান, জাহিদকে আটকে রাখার খবর পেলেই তিনি কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনিসহ অন্তত ১০ জন আহত হন। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ না নেওয়ার অভিযোগও তোলেন তিনি।
অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অডিও রেকর্ড নিয়ে বিরোধের কারণে জাহিদকে আটকে রাখার খবর ছড়িয়ে পড়লে ছাত্রদলের ১০-১৫ জন নেতাকর্মী সেখানে যান। এই সময় ঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. নাজমুল হাসান এবং তার বাবা স্থানীয় আওয়ামী লীগ নেতা লাল্টু মেম্বারের নেতৃত্বে অতর্কিত এই হামলা চালানো হয়।
ঘটনার পর রাতেই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। সাতক্ষীরা জেলা বিএনপি এবং ছাত্রদলের পক্ষ থেকে এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন