প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
একসময় টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী শান্তা ইসলাম এবার দেশের বাইরে আজীবন সম্মাননা লাভ করলেন। কানাডার টরন্টোর ডন ভ্যালি হোটেল অ্যান্ড স্যুটসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) তাকে এই সম্মাননা প্রদান করে।
কানাডা থেকে গণমাধ্যমকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে শান্তা ইসলাম জানান, তিনি এই সম্মাননা পেয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এটি দেশের বাইরে তার প্রথম বড় স্বীকৃতি।
নিজের দীর্ঘ অভিনয়জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে শান্তা ইসলাম বলেন, তিনি ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করেছেন এবং দর্শকদের ভালোবাসা পেয়েছেন। অরণ্যক নাট্যদলের ময়ূর সিংহাসন নাটকে অভিনয়ের জন্য তিনি বাচসাস পুরস্কার অর্জন করেন। চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেছেন। তবে দেশের বাইরে এবারই প্রথম তিনি আজীবন সম্মাননার মতো বড় স্বীকৃতি পেলেন।
এ সম্মাননায় সংশ্লিষ্ট আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি দেশের পরিচালক, প্রযোজক, সহশিল্পী ও সাংবাদিকদের প্রতি ভালোবাসা জানান।
তার ভাষায়, "শিল্পীরা মানুষের জন্য কাজ করেন। দর্শকের ভালোবাসার পাশাপাশি কোনো প্রতিষ্ঠান বা রাষ্ট্র যখন তাদের কাজের স্বীকৃতি দেয়, তখন তা শিল্পীদের জন্য বড় অনুপ্রেরণা ও তৃপ্তির বিষয় হয়ে ওঠে।"
অভিনয়জীবনের শুরুর দিনের কথা স্মরণ করে শান্তা ইসলাম জানান, তিনি একসময় বাংলাদেশ টেলিভিশনের অসংখ্য নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি প্যাকেজ নাটক ও মঞ্চনাটকেও কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন। রূপনগরসহ বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করার পাশাপাশি বহু বছর উপস্থাপনাও করেছেন। আজীবন সম্মাননা পাওয়ার মাধ্যমে জীবনের সেই দীর্ঘ কর্মময় সময়ের নানা স্মৃতি আবারও মনে পড়ছে।
বর্তমানে শান্তা ইসলাম কানাডায় তার একমাত্র ছেলে, পুত্রবধূ ও নাতনির সঙ্গে সময় কাটাচ্ছেন। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে তিনি বেশ আনন্দিত আছেন।
শান্তা জানান, ছেলের সাফল্য তাকে শান্তি ও তৃপ্তি দেয়। পুত্রবধূকে তিনি নিজের আরেক মায়ের মতো মনে করেন এবং নাতনি তার বেঁচে থাকার অনুপ্রেরণা। পরিবারের সবাইকে নিয়ে তিনি ভালো আছেন। শান্তা ইসলামের এই সম্মাননায় তার ছেলে ও পুত্রবধূও আনন্দিত বলে তিনি জানান।
কানাডায় থাকা বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করছেন। ছুটির দিনে পুত্রবধূর সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর কথাও জানান এই অভিনেত্রী।
একই অনুষ্ঠানে বাংলাদেশের খ্যাতিমান জাদুশিল্পী জুয়েল আইচকেও আজীবন সম্মাননা প্রদান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন