প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের মাধাইমুড়ি গ্রামে একটি মাছের পুকুরে বিষ প্রয়োগ করার মাধ্যমে প্রায় ৪ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উত্থাপিত হয়েছে। এই ঘটনায় বাগমারা থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মাছচাষি রেজাউল করিম।
লিখিত অভিযোগের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে, উপজেলার ঝিকড়া মৌজার জেল নং-২২৮ এর ৭০ শতক আয়তনের একটি পুকুরে তিনি এবং তার অংশীদাররা প্রায় ১০ মাস ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। তবে পুকুরটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর কারণে মাধাইমুড়ি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আঃ আজিজ (৬০), মৃত আবুল হাসিমের ছেলে বাবুল (৫৫) এবং মৃত জব্বারের ছেলে কামরুজ্জামান (৫৫)-এর বিরুদ্ধে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে যে, গত ১৯ জুন রাতে স্থানীয়ভাবে একটি মীমাংসা বৈঠকে অভিযুক্তদের সঙ্গে সমঝোতা করা হয় ও নগদ ৭৭ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়। কিন্তু পর দিন ২০ জুন রাত আনুমানিক ৩টার দিকে অভিযুক্তরা পুকুরে বিষ প্রয়োগ করেছে, এই অভিযোগ করেছেন রেজাউল করিম।
তিনি আরও জানান, স্থানীয় বাসিন্দা সফর আলী ও ইব্রাহিম যখন ঘটনাস্থলে অভিযুক্তদের দেখতে পান, তখন তারা চিৎকার করতে থাকেন। এতে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং দেখেন পুকুরের মাছ মরে ভেসে উঠছে। এতে রুই, কাতল, জাপানি, মৃগেল ও আইড়সহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। তার দাবি মতে, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ লাখ টাকা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন