প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্প্যানিশ ফুটবলে নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়েছে লা লিগার নেতৃত্বকে কেন্দ্র করে। আতলেতিকো মাদ্রিদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিগেল অ্যাঞ্জেল গিল মারিন লা লিগার পরিচালনা পর্ষদের সদস্য ও সহসভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। এই সিদ্ধান্তটি এসেছে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসকে ঘিরে আর্থিক বিতর্ক এবং ক্লাবগুলোর অসন্তোষের প্রেক্ষাপটে।
সাংবাদিক বেন জ্যাকবসের তথ্য অনুযায়ী, ইউরোপীয় ফুটবলের অভ্যন্তরীণ বিরোধের মধ্যে গিল মারিনের পদত্যাগের ঘটনা প্রকাশিত হয়েছে। গত সপ্তাহে লা লিগার ক্লাবগুলোর কাছে তেবাস স্বীকার করেন, তিনি ‘ইউনিয়ন অব ইউরোপিয়ান ক্লাবস’ (ইউইসি) গঠনে অর্থায়ন করেছেন এবং সংগঠনটির নেতৃত্ব দিয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এ উদ্যোগে তাঁর বিনিয়োগের পরিমাণ এক মিলিয়ন ইউরোর বেশি।
তেবাসের এই স্বীকারোক্তির পর স্পেনের বেশ কয়েকটি ক্লাবের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। কিছু ক্লাব লা লিগার নেতৃত্বের বিরুদ্ধে সম্ভাব্য আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে। ফলে সংস্থাটির অভ্যন্তরীণ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
তবে গিল মারিনের পদত্যাগকে কেবল তাঁর আতলেতিকো মাদ্রিদের সংখ্যাগরিষ্ঠ মালিকানা হারানোর আনুষ্ঠানিক পরিণতি হিসেবে তুলে ধরতে পারে লা লিগা—এমনটাই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত বছর বিনিয়োগ তহবিল অ্যাপোলোর কাছে মাদ্রিদভিত্তিক ক্লাবটির নিয়ন্ত্রণমূলক অংশীদারত্ব হস্তান্তর করা হয়েছিল।
এছাড়া, লা লিগার সভাপতি তেবাসের বিরুদ্ধে বিতর্কের মাত্রা বাড়ার এক দিন আগে তিনি রিয়াল মাদ্রিদ টিভির সমালোচনা করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, স্প্যানিশ রেফারিরা সবচেয়ে বেশি চাপের মুখে পড়েন রিয়াল মাদ্রিদ টিভির কর্মকাণ্ডের কারণে।
সব মিলিয়ে তেবাসের আর্থিক কর্মকাণ্ড, ক্লাবগুলোর সম্ভাব্য আইনি পদক্ষেপ এবং গিল মারিনের পদত্যাগ—এই সবকিছু মিলিয়ে স্প্যানিশ ফুটবলের প্রশাসনিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে গিল মারিনের পদত্যাগের সঙ্গে তেবাস-বিতর্কের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন