প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : কানাডার শ্রমবাজারের চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশ থেকে বৈধ পথে দক্ষ জনশক্তি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর অফিসকক্ষে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স-এর অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার (ইন্দো-প্যাসিফিক) ওয়েলডন এপ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়েছে।
মন্ত্রী উল্লেখ করেন, নার্সিং, মেডিকেল টেকনোলজি, হোম কেয়ার, মেরিন ক্যাডেট এবং হসপিটালিটি খাতে বাংলাদেশের প্রশিক্ষিত জনশক্তির সংখ্যা উল্লেখযোগ্য। কানাডা চাইলে তারা বাংলাদেশে নিজেদের প্রশিক্ষক পাঠিয়ে অথবা যৌথ উদ্যোগে বিশেষায়িত প্রশিক্ষণ একাডেমি স্থাপন করে দক্ষ জনশক্তি তৈরি করতে পারে।
ওয়েলডন এপ এ বিষয়ে মন্তব্য করে জানান, কানাডার অর্থনীতিতে নার্স ও কেয়ারগিভারসহ বিভিন্ন খাতে দক্ষ শ্রমশক্তির প্রয়োজন রয়েছে।
সাক্ষাৎকালে উভয়পক্ষ অনিয়মিত অভিবাসন রোধ, নিরাপদ ও নিয়মিত অভিবাসন উৎসাহিতকরণ, দক্ষ জনশক্তি রপ্তানি, সাইবার নিরাপত্তা খাতে সহযোগিতা, যৌথ বিনিয়োগ এবং রোহিঙ্গা সংকট সমাধানসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টারকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও কানাডা দীর্ঘদিনের বন্ধু ও উন্নয়ন অংশীদার।
ওয়েলডন এপ এর জবাবে জানান, কানাডা বর্তমানে তার অভিবাসন নীতিতে ভারসাম্য আনলেও বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী ও দক্ষ পেশাজীবীদের স্বাগত জানাতে আগ্রহী। এজন্য কানাডার ভিসা প্রক্রিয়া বৈধ ভ্রমণকারী, শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের জন্য আরও দ্রুত ও সহজতর করা হবে।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডের জন্য রিভার ও কোস্ট পেট্রোল বোট, পুলিশের জন্য সাইবার নিরাপত্তা ও যোগাযোগ সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে সর্বাধুনিক ও উন্নত প্রযুক্তির প্রতি বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার জানান, অভিবাসন সংখ্যা সীমিত থাকা সত্ত্বেও কানাডা বাংলাদেশ থেকে রোহিঙ্গা পুনর্বাসনের সংখ্যা বৃদ্ধি করেছে এবং আঞ্চলিক রাষ্ট্র বিশেষ করে আসিয়ান দেশগুলোকে এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালনের জন্য কাজ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের উদারতার কথা উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর মিয়ানমারের ওপর চীন, আসিয়ান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ আরও বাড়ানো প্রয়োজন, যাতে রোহিঙ্গারা নাগরিকত্ব, নিরাপদ ভূমি ও জীবিকার নিশ্চয়তা পেয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে পারে।
এছাড়া, মিয়ানমার কেন্দ্রিক সাইবার স্ক্যাম, মাদক ও মানবপাচারকে একটি গুরুতর আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি হিসেবে অভিহিত করে মন্ত্রী সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন।
বৈঠকে কানাডার হাইকমিশনার অজিত সিং, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মার্কাস ডেভিস, হেড অব এইড সুজান কুইন, ট্রেড কমিশনার কামাল উদ্দিনসহ কানাডিয়ান হাইকমিশন এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন