প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীর দিন সকালে পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটে প্রিয়াঙ্কা দাশ (৩০) নামে এক নারীর। চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর আমবাড়িয়া এলাকায় সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রিয়াঙ্কা দাসবাড়ির পলাশ দাসের স্ত্রী ছিলেন।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, উপজেলার উত্তর আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পল্লী বিদ্যুতের মূল লাইনের একটি তার ছিঁড়ে পুকুরে পড়ে ছিল। বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসকে একাধিকবার জানানো হলেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সোমবার সকালে ওই পুকুরে নামার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হন প্রিয়াঙ্কা। পুকুরঘাটেই তার মৃত্যু ঘটে। ঘটনার পর মিরসরাই থানা পুলিশ ও মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় তিন ঘণ্টা পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উৎসবের দিনে এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ শাহ্লাং মারমা বলেন, ‘খবর পেয়ে আমবাড়িয়া এলাকার একটি পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
মিরসরাই থানার এসআই আব্দুল ওয়াহাব সরকার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা করা হবে না বলে জানানো হয়েছে।’
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর মিরসরাই জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আদনান আহমদ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার বিষয়ে তাদের অফিসে কোনো অভিযোগ আসেনি। কিছু গ্রাহক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়ে ফোন করেছিলেন। বিভিন্ন কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে। সোমবার সকালে ফোন করে এক নারীর বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যুর খবর পেয়েছেন। কিভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন