প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের কালকিনি উপজেলায় তাইজুল সরদার হত্যার পর ভয়াবহ সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে যে, প্রতিপক্ষের সদস্যরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে অন্তত অর্ধশতাধিক বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ব্যাপক লুটপাট চালিয়েছে।
সোমবার সকালে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর ও টুমচর এলাকায় এই তাণ্ডব সংঘটিত হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিনের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের ফলস্বরূপ গত ২২ অক্টোবর সকালে তাইজুল সরদার নামের এক ব্যক্তি খুন হন। এই হত্যাকাণ্ডের পর থেকে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজমান ছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে প্রতিপক্ষের সদস্যরা দেশি অস্ত্র নিয়ে কালিনগর ও টুমচর এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদারের বাড়িসহ বিভিন্ন বাড়িতে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা এলাকায় ত্রাস সৃষ্টি করতে বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা নির্বিচারে অর্ধশতাধিক বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরবর্তীতে বাড়িগুলোতে অগ্নিসংযোগ করা হলে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘পুলিশ সুপারের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাইজুল সরদার হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষ এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে কোনো মামলা না হলেও আমাদের নিজস্ব তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তসাপেক্ষে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এমএইচ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন