প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানিয়েছেন, শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কখনো পিছপা হয়নি। অর্থনৈতিক চাপের মধ্যেও সরকার শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠনের উদ্যোগ গ্রহণ করেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
তৈরি পোশাক (গার্মেন্টস) শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত অধ্যাদেশ অনুযায়ী প্রতি তিন বছর পর পর মজুরি পুনর্নির্ধারণের বিধান রয়েছে। বর্তমান সরকার সেই বিধানকে গ্রহণ করেছে। তিন বছর পূর্ণ হওয়ার সময় আসায় মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিক প্রতিনিধি দেওয়ার পরদিনই মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে।
তিনি উল্লেখ করেন, শ্রমিকরা তাদের মজুরির দাবিতে আন্দোলন করবেন, এটি স্বাভাবিক। দেশে গ্যাস, বিদ্যুৎ এবং নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতির অবনতির কারণে দেশের অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। এর মধ্যেও সরকার মজুরি বোর্ডের কার্যক্রম থেকে পিছিয়ে আসেনি। শ্রমিকরা তাদের দাবি জানাবেন এবং মালিকপক্ষও নিজেদের অবস্থান তুলে ধরবেন। আলোচনার মাধ্যমে একটি মজুরি কাঠামো নির্ধারণ করা হবে।
জোনায়েদ সাকি আরও বলেন, বাংলাদেশের শিল্প-কলকারখানার বিকাশের জন্য শ্রমজীবী মানুষের স্বার্থ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শ্রমিকদের স্বার্থ রক্ষায় অতীতেও তাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন আন্দোলনকে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ বিষয়ে শ্রমিক আন্দোলনকারীদের সতর্ক থাকতে হবে। কোনো শক্তি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। অতীতে যেভাবে তারা উৎখাত হয়েছিল, আবারও এমন চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে।
এ সময় গণসংহতি আন্দোলনের জেলা ও কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন