প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আকাশপথে আন্তর্জাতিক পণ্য পরিবহনের জন্য ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে, সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুইটি উড়োজাহাজকে সম্পূর্ণরূপে পণ্যবাহী ‘কার্গো উড়োজাহাজে’ রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করেছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে, বাংলাদেশের আন্তর্জাতিক কার্গো পরিবহন সক্ষমতা বৃদ্ধি পাবে এবং জাতীয় পতাকাবাহী এই সংস্থার রাজস্ব আয় বহুগুণ বৃদ্ধি পাবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে, আন্তর্জাতিক এভিয়েশন কোম্পানি ‘হাইবারি গ্রুপ’-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানান। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম প্রোথেরো।
সাক্ষাৎকালে, হাইবারি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম প্রোথেরো বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়ন, সম্প্রসারণ, উড়োজাহাজ ইজারা (লিজ) এবং সেগুলোকে কার্গো উড়োজাহাজে রূপান্তরে বিনিয়োগের ব্যাপারে তার সংস্থার আগ্রহ প্রকাশ করেন। তিনি উড়োজাহাজ সংগ্রহ, অর্থায়ন এবং সম্পদ ব্যবস্থাপনায় তার কোম্পানির দীর্ঘ বৈশ্বিক অভিজ্ঞতার বিষয়গুলো তুলে ধরেন।
মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জবাবে জানান, যদি হাইবারি গ্রুপের পক্ষ থেকে সুনির্দিষ্ট ও বাস্তবায়নযোগ্য কোনো বিনিয়োগ প্রস্তাব আসে, তবে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
পর্যটনমন্ত্রী আরও বলেন, সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে আধুনিকায়ন এবং আন্তর্জাতিক এভিয়েশন শিল্পে আরো শক্তিশালী ও লাভজনক করতে বহর সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।
তিনি জানান, নতুন উড়োজাহাজ সরবরাহের দীর্ঘ সময়সীমা বিবেচনায়, অন্তর্বর্তীকালীন চাহিদা মেটাতে লিজে উড়োজাহাজ সংগ্রহের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। তবে, লিজিংয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে উড়োজাহাজের উড্ডয়ন সময় (ফ্লাইং আওয়ারস), রক্ষণাবেক্ষণের ইতিহাসসহ কারিগরি ও পরিচালনগত সকল সূচক পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে।
বৈঠকে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের কৌশলগত সহযোগিতা দেশের বেসামরিক বিমান চলাচল খাতের আধুনিকায়ন ও অগ্রগতির ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন